Last Updated:
Bardhaman Tourism:গরমে যখন বর্ধমান শহর জ্বলছে, তখনও এমন একটি জায়গা রয়েছে যেখানে প্রকৃতির ছোঁয়ায় মিলছে শীতল আরাম। বর্ধমানের এই প্রাকৃতিক ‘এসি জোন’ পর্যটকদের অবাক করছে তার মনোরম পরিবেশ ও ঠান্ডা আবহাওয়ার জন্য।
পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: প্রখর রোদ, তাপপ্রবাহ আর অসহনীয় গরমে যখন নাজেহাল পূর্ব বর্ধমানবাসী, তখন বর্ধমান শহরের বুকেই রয়েছে এমন এক জায়গা যেখানে পা রাখলেই মিলতে পারে খানিক স্বস্তি। শহরের ব্যস্ততা, কংক্রিটের উত্তাপ আর ধোঁয়া-ধুলো থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত গোলাপবাগ যেন গ্রীষ্মের দিনে এক টুকরো শীতল আশ্রয়।- শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন সকাল ও বিকেলে বহু মানুষ ভিড় জমাচ্ছেন গোলাপবাগে। কেউ হাঁটতে আসছেন, কেউ পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, আবার কেউ শুধুই গরম থেকে মুক্তি পেতে।
গোলাপবাগ এলাকায় প্রবেশ করলেই স্পষ্টভাবে অনুভব করা যায় তাপমাত্রার পার্থক্য।পরিবেশপ্রেমীদের মতে, গোলাপবাগে অসংখ্য প্রাচীন ও সুউচ্চ গাছের বিস্তৃত ছাউনি বা ক্যানোপি সূর্যের তাপকে অনেকটাই আটকে দেয়। পাশাপাশি গাছের স্বাভাবিক বাষ্পমোচন প্রক্রিয়া এবং সবুজে ঘেরা পরিবেশ মাটিকে অতিরিক্ত উত্তপ্ত হতে দেয় না। ফলে আশপাশের অন্যান্য এলাকার তুলনায় এখানে তুলনামূলক কম তাপমাত্রা অনুভূত হয়। বর্ধমান শহরের বাসিন্দা ‘গাছ মাস্টার’ নামে পরিচিত প্রকৃতিপ্রেমী অরূপ চৌধুরী বলেন, “সত্যিই শহরের অন্যান্য জায়গার থেকে একেবারে আলাদা গোলাপবাগ। গোলাপবাগ ঢুকলেই তাপমাত্রা যে কম, সেটা স্পষ্ট বোঝা যায়। “
বিশেষজ্ঞদের মতে, শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বড় গাছ, জলাশয় এবং সবুজ এলাকার গুরুত্ব অপরিসীম। একসময় বর্ধমান শহরের বিভিন্ন এলাকার নামের মধ্যেই ছিল সেই সবুজ ঐতিহ্যের ছাপ। বটতলা, তেঁতুলতলা, খোসবাগান, মেহেদিবাগান কিংবা রানিসায়র, শ্যামসায়রের মতো অঞ্চল সেই ইতিহাসের সাক্ষী। সময়ের সঙ্গে অনেক সবুজ হারিয়ে গেলেও গোলাপবাগ এখনও সেই ঐতিহ্য বহন করে চলেছে। অরূপ চৌধুরী বলেন, “শহরের বিভিন্ন জায়গায় আগে অনেক গাছ ছিল, তবে এখন আর নেই। তবে গোলাপবাগের ঐতিহ্য এখনও টিকে রয়েছে।”এই পরিস্থিতিতে পরিবেশবিদদের স্পষ্ট বার্তা, শহরকে আরও বাসযোগ্য ও শীতল রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। শুধু রাস্তার ধারে নয়, আবাসনগুলির চারপাশে গ্রিন বেল্ট তৈরি করা এবং ছাদ বাগানের প্রসারও অত্যন্ত জরুরি। তবে এই মুহূর্তে তীব্র গরমে স্বস্তির খোঁজে থাকা মানুষের কাছে গোলাপবাগ যেন বর্ধমান শহরের এক প্রাকৃতিক ‘এসি’।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal