Last Updated:
Shantiniketan Tourism: ছোটবেলার সহজ পাঠের স্মৃতি মনে করিয়ে দেয় শান্তিনিকেতনের সেই বিখ্যাত বটগাছ। ‘তিন পাহাড়ি বটগাছ’ শুধু একটি গাছ নয়, এটি বাংলার নস্টালজিয়া ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক
বীরভূম,সৌভিক রায়: বাংলা সাহিত্যের পাঠক পাঠিকাদের কাছে ‘সহজ পাঠ’ শুধু একটি বই নয়, বরং শৈশবের প্রথম পাঠশালা। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিশুরা এই বইয়ের মাধ্যমে অক্ষর চিনতে শিখেছে, শিখেছে ভাষার সৌন্দর্য, অনুভব করেছে ভাষার মাহাত্ম্য। বইটির প্রচ্ছদে আঁকা যে তিন পাহাড়ি বটগাছ-তার সঙ্গে জড়িয়ে আছে এক বিস্মৃতপ্রায় ইতিহাস, যা সরাসরি যুক্ত ও সম্পর্কিত রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবনের সঙ্গে। শান্ত এক নিরিবিলি পরিবেশে এবং প্রকৃতির কোলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম বোলপুর শান্তিনিকেতন এসেছিলেন তখন তিনি নিজের হাতে একটি বটগাছ রোপন করেছিলেন।
সময়ের সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে বটগাছটি ধীরে ধীরে বড় হতে শুরু করে, ছড়িয়ে পড়ে গাছটির শাখা-প্রশাখা। পরবর্তী সময়ে যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানচর্চার এক আসন হিসেবে গড়তে শুরু করে শান্তিনিকেতনকে, তখনই তিনটি নুড়ি পাথর দিয়ে একটি বিশেষ রূপ দেন এই গাছের। ঠিক সেই সময় থেকেই এই জায়গাটির নাম হয় ‘ তিন পাহাড়ি বটগাছ ‘।
শোনা যায় এই গাছের তলায় বসেই কবিগুরু লিখেছেন বহু কবিতা। শিশুদের প্রথম পাঠ্য পুস্তক সহজ পাঠ বইটিতে এই গাছের ছবি ব্যবহারের পিছনে রয়েছে গভীর তাৎপর্যপূর্ণ এক গল্প। বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দাদের কাছে এই গাছ শুধুমাত্র একটি গাছ নয়, বরং গর্বের এবং শ্রদ্ধার এক বিশেষ জায়গা। বোলপুর শান্তিনিকেতনের প্রবীণ বাসিন্দাদের মতে এই গাছের তলাতেই বসে কবিগুরু লিখেছেন হাজার হাজার কবিতা। ছাত্র-ছাত্রীদের দিতেন জীবনদর্শনের পাঠ। আর সেই কারণে আজও বহু গবেষক এবং সাহিত্যপ্রেমী মানুষজন আসেন এই বটগাছটি দেখতে। তাঁদের চোখে এটি শুধুমাত্র একটি গাছ নয়, বরং প্রাচীন ইতিহাসের এক দলিল। যখন আমরা অত্যাধুনিক প্রযুক্তির যুগে সাধারণ মানুষের ভিড়ে দ্রুত এগিয়ে যাচ্ছি তখন এই গাছ আমাদের মনে করিয়ে দেয় শিকড়ের গুরুত্ব।
‘তিন পাহাড়ি বটগাছ ‘ শুধুমাত্র শান্তিনিকেতন নয়, গোটা বাঙালির ঐতিহ্যের এক গভীর অংশ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে বপন ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ এবং ভালবাসায় বেড়ে ওঠা এই গাছ আজও দাঁড়িয়ে আছে জ্ঞানের এবং সৃজনশীলতার প্রতীক হয়ে। সেই কারণেই যদি এবার বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য যান এবং শৈশবকে অনুভব করতে চান তাহলে অবশ্যই এই জায়গা ঘুরে দেখবেন।
Birbhum,West Bengal
Jun 14, 2026 10:31 AM IST