Last Updated:
Abhishek Banerjee: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি অভিষেক, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর লেনদেন ঘিরে জিজ্ঞাসাবাদ।
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর সিজিও কমপ্লেক্সে দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে খোঁজ করতে গিয়ে বারবার সামনে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নাম। আর সেই সংস্থার আর্থিক লেনদেনেই নজর রয়েছে ইডি-র।
তবে ইডির ‘তুরুপের তাস’ ১৫ মিনিটের কথোপকথন। ওই অডিও রেকর্ডিংয়ের কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে উল্লেখ রয়েছে। আর তার সূত্র ধরেই সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র একটি অডিও ক্লিপ ইডির হাতে তুলে দেন। সেখানে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে কথা বলছেন। সেখানে ১০০ কোটি টাকা তোলার কথা উল্লেখ করছেন। এই অডিও রেকর্ডিংকে হাতিয়ার করেই জিজ্ঞাসাবাদ।
কী কী প্রশ্ন করা হয় অভিষেককে?
১. লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিও কতদিন ছিলেন, কবে থেকে?
২. অডিও ক্লিপে এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, যেটি সিবিআই-এর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা হয়েছিল। সেই অভিষেক কি তিনি?
বারো পাতার প্রশ্নমালার মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ তা এই অডিও ক্লিপই। ওই অডিও রেকর্ডিংয়ের সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরও মিলিয়ে দেখা হয়। সেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে ভিনরাজ্যে পাঠানো হয়েছিল। এই ১৫ মিনিটের অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। তদন্তে কী তথ্য সামনে আসে, সেটাই এখন দেখার। জানা গিয়েছে তদন্তকারীরা ১২ পাতার প্রশ্ন তৈরি করেছেন। অভিষেককে জিজ্ঞাসাবাদের পুরো সময়টাই ভিডিওগ্রাফি করা হবে।
ইডি সূত্রে খবর, গত ২০১৭ সালে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে বৈঠক হয়। শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষও ছিলেন বৈঠকে। ওই বৈঠকে নাকি চাকরি বিক্রির কাঁড়ি কাঁড়ি টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে ঝগড়াঝাটি হয়। আর সেই দ্বন্দ্বেই একাধিকবার উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। উঠেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও।
অনুপ চক্রবর্তী
Kolkata,West Bengal
