মৌসুমী অক্ষরেখা হায়দরাবাদ থেকে কোরাপুট হয়ে রাঁচি, জামুই, মোজাফফরপুরের উপর বিস্তৃত। বাংলা পেরিয়ে ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের বেশিরভাগ অংশে বর্ষা। আগামী ৪-৫ দিনে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বাকি অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। জোড়া অক্ষরেখা রয়েছে দেশজুড়ে। পঞ্জাব থেকে বিহার পর্যন্ত অক্ষরেখা যেটি হরিয়ানা, উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত। পূর্ব বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত রয়েছে আরও একটি অক্ষরেখা।
উত্তরবঙ্গের আবহাওয়া:
বুধবার থেকে শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গ জুড়ে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এই তিন জেলার কিছু অংশে। বুধবার থেকে শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ, মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলাতে বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে গরম এবং অস্বস্তিও চলবে। দুর্বল মৌসুমী অক্ষরেখা। তার কারণেই দক্ষিণে বৃষ্টি কম। জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা খুব বেশি না হলেও ‘ফিল লাইক টেম্পারেচার’ অনেক বেশি অনুভূত হবে।
সকাল থেকে গরম এবং অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ। সূর্য উঠলে গরম আরও বেশি অনুভূত হবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে রাতের মধ্যে।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। এর বাইরে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে সামান্য ঝড়বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া:
কলকাতায় সকাল থেকেই গরম এবং অস্বস্তি থাকবে। আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় ২৮ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও ‘ফিল লাইক টেম্পারেচার’ ৪২ ডিগ্রি বা তার বেশি অনুভূত হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড় বইবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে।
আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯১ শতাংশ ৷ আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।