Last Updated:
এই প্রথম বার যোগ দিবসের অনুষ্ঠানে সক্রিয় ভাবে অংশগ্রহণ করছে রাজ্য সরকার৷ যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
আগামী ২১ জুন রাজ্য সরকারি কর্মচারীরা যোগ দিবসে অংশগ্রহণ না করলে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না৷ শুক্রবার হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার৷ রাজ্য সরকারের এই বক্তব্য জানার পর মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা৷
আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবসের দিন সরকারি কর্মচারীদের সকাল ৬টা থেকে সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত নিজেদের দফতর, আবাসন, রেড রোড অথবা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে বলে নবান্নর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ গত ১৪ জুন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ স্থায়ী কর্মীদের পাশাপাশি অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা কর্মীদেরও এই বিজ্ঞপ্তির আওতায় রাখা হয়েছিল৷
যোগ দিবসের অনুষ্ঠানে কেন সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক হবে, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করে সরকারি কর্মচারীদের সংগঠন কো অর্ডিনেশন কমিটি৷ তাদের আবেদন ছিল, বাধ্যতামূলক নয় যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীরা অংশ নেবেন কি না সেই সিদ্ধান্ত তাঁদের উপরেই ছাড়া হোক৷
এ দিন সেই মামলার শুনানিতেই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য হাইকোর্টকে জানিয়ে দেন, ‘২১ জুন যোগ ব্যায়াম না করলে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেবে না রাজ্য সরকার।’ রাজ্য সরকারের এই বক্তব্য জানার পর বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, রাজ্য যখন জানাচ্ছে যে যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, তখন এই মামলারই কোনও যৌক্তিকতা নেই৷
ইতিমধ্যেই রাজ্য সরকার যোগ দিবসের অনুষ্ঠান সফল করতে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে হাইকোর্টে জানানো হয়, গত বছর যোগ দিবসের অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশে ৩ কোটি মানুষ অংশ নিয়েছিলেন৷ এবার রাজ্য সেই রেকর্ড ছাপিয়ে যাবে৷ যদিও বিচারপতি অমৃত সিনহা রাজ্য সরকারকে অন্য কোনও রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন৷
Kolkata,West Bengal
