Last Updated:
এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে সারপ্রাইজ ভিজিটে গেলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ৷ রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রীর দেখা পেয়েই চিকিৎসা সংক্রান্ত একাধিক অভিযোগ জানালেন রোগীর আত্মীয়রা৷
কলকাতা: এসএসকেএম হাসপাতালে হঠাৎ হাজির রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই শনিবার সকালে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে সারপ্রাইজ ভিজিটে গেলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ৷ মন্ত্রীকে পেয়েই চিকিৎসা সংক্রান্ত একাধিক অভিযোগ জানালেন রোগীর আত্মীয়রা৷
সূত্রের খবর, মন্ত্রীকে পেয়েই বিভিন্ন রোগীর আত্মীয়রা রীতিমত প্রেসক্রিপশন নিয়ে তাঁকে দেখাতে থাকেন৷ রোগীর আত্মীয়দের অভিযোগ, ওষুধ নেই, চিকিৎসা ঠিকমতো হচ্ছে না৷ রোগীর আত্মীয়দের অভিযোগ, ‘‘বিভিন্ন শারীরিক পরীক্ষার রিপোর্ট পেতে বহু সময় লাগছে৷ এসএসকেএম হাসপাতালে অধিকর্তা ডঃ মণিময় বন্দ্যোপাধ্যায়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আরজি জানান মন্ত্রী৷ রোগীর আত্মীয়দের বলা হয় কোনওভাবেই যেন তারা দালালের খপ্পরে না পড়েন৷ রোগীদের চিকিৎসা সবার আগে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মন্ত্রী৷’’
প্রসঙ্গত, স্বাস্থ্য ক্ষেত্রকে আরও উন্নত করার লক্ষ্যে সারপ্রাইজ ভিজিটের নিদান আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ‘‘কলকাতার সব সরকারি হাসপাতালগুলিতে নজরদারি করতে হবে, চালু করতে হবে সারপ্রাইজ ভিজিট। প্রতিটা মানুষের পরিষেবা পেতে যাতে কোনও সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আমিও সারপ্রাইজ ভিজিট করব। বিধায়কেরাও জেলায় জেলায় হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করবেন’’, গতমাসেই সরকারি হাসপাতাল নিয়ে এমনই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি নিজেও সারপ্রাইজ ভিজিটে যাবেন, এমনটাই জানিয়েছিলেন শুভেন্দু৷ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই রাজ্যের স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার কথা বারবার বলেছেন শুভেন্দু অধিকারী৷ এর আগে একাধিকবার রাজ্যের স্বাস্থ্য সচিবকে দেখা গিয়েছে হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করতে৷ এবার এসএসকেএম-এ এলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ৷
Kolkata,West Bengal
