Last Updated:
এ দিন বক্তব্য রাখতে গিয়ে একাধিক বার তৃণমূলের মধ্যে দুই শিবিরের আড়াআড়ি বিভাজনকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
সোমবার রাজ্য বিধানসভায় মোট চারটি গুরুত্বপূর্ণ বিল পাশ হল৷ জোড়া ওবিসি সংশোধনী বিল ছাডা়ও গুন্ডা দমন এবং তোলাবাজি আটকাতে দুটি বিল পেশ হয় বিধানসভায়৷ আর বিলগুলির উপরে বিতর্ক চলাকালীনই বার বার তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েন এবং সমন্বয়ের অভাব প্রকট হয়ে গেল৷ প্রধান বিরোধী দলের এই ছন্নছাড়া অবস্থাকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও৷
এ দিন প্রথমে ওবিসি সংশোধনী বিল পেশ হওয়ার সময় বিধানসভা থেকে ওয়াক আউট করেন ঋতব্রত পন্থী তৃণমূলের অধিকাংশ বিধায়ক৷ কিন্তু ওই শিবিরে থেকেও ৬ জন বিধায়ক বিধানসভার ভিতরেই বসে থাকেন৷ তাঁদের মধ্যে থেকে একজন আবার ঋতব্রত গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধেই গিয়েই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন বলে মনে করা হচ্ছে৷
শুধু তাই নয়, এর পর গুন্ডা দমন বিলের উপরে বক্তব্য রাখা নিয়েও তৃণমূলের দুই শিবিরের মধ্যে সংঘাত প্রকাশ্যে চলে আসে৷ বিক্ষুব্ধ শিবিরের বিধায়ক আখরুজ্জামানের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কালীঘাট পন্থী তৃণমূলের কুণাল ঘোষরা৷
বিরোধী পক্ষের এই ছন্নছাড়া অবস্থাকেই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এ দিন গুন্ডা দমন বিল নিয়ে বক্তব্য রাখার মাঝে বিরোধী শিবিরের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘শক্তপোক্ত বিরোধী নয়৷ কেউ বেরোচ্ছেন কেউ জামা ধরে টানছেন৷ কেউ বলছেন আমিই তৃণমূল৷ আর একজন না বলছেন না, ওরা তো ল্যাম্পপোস্ট৷’ বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের ভিতরে এ টিম, বি টিম, সি টিম রয়েছে বলেও খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
জোড়া ওবিসি বিলের পাশাপাশি এ দিন বিধানসভায় গুন্ডাদমন বিলও ধ্বনি ভোটে পাশ হয়ে যায়৷ ১৮৬-১৭ ভোটে পাশ হয়ে যায় ওবিসি সংশোধনী বিল৷ অন্যদিকে গুন্ডা দমন বিল এবং তোলাবাজি আটকাতে পেশ হওয়া দুটি বিলের পক্ষে ভোট পড়ে ১৭১টি৷ বিপক্ষে ভোট দেন ৪১ জন বিধায়ক৷ ২০ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন৷
Kolkata,West Bengal
