Last Updated:
রাজ্যে সরকার গঠনের পর থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সামনে রেখে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছিল বিজেপি। সেই ঘোষণারই অংশ হিসেবে ইকো পার্কে বিশালাকার মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা: ইকো পার্কে বসতে চলেছে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর পূর্ণাবয়ব মূর্তি। তৈরি হবে শ্যামাপ্রসাদ গার্ডেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবং অবদান সংক্রান্ত তথ্য ছবি প্রদর্শনী হিসেবে থাকবে। আগামী সোমবার সেই মূর্তি স্থাপন এর ভূমিপুজন উপলক্ষ্যে ইকো পার্কে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
আগামীকাল ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি। সেই উপলক্ষে নিউটাউনের ইকো পার্কেই বসতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের সুবিশাল মূর্তি। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে ১২৫ ফুট মূর্তি স্থাপন করা হবে এবং তাঁর পৈত্রিক বাড়ি সংস্কারও করা হবে। সেজন্য ২০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। সোমবার, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে শহরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই পশ্চিমবঙ্গ দিবস পালনের দিন তারকেশ্বরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে জানিয়েছিলেন, ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণ করবে রাজ্য সরকার। এমত আবহে গেরুয়া বঙ্গে তথা বিজেপি নেতৃত্বের কথায় শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার গঠনের পর ভারত কেশরীর জন্মদিবস পালনে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন।

আগামী সোমবার, ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতি বছরের মতো এ বারও দেশজুড়ে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। তবে ১২৫তম জন্মবার্ষিকী হওয়ায় এ বারের উদ্যাপনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজেপি নেতৃত্বের দাবি, এই প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে তাঁর আদর্শে অনুপ্রাণিত দলের সরকার ক্ষমতায় এসেছে। সেই কারণেই জন্মবার্ষিকী উদ্যাপনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আবহে অমিত শাহের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
