Last Updated:
Landslide In Kerala’s Wayanad: কেরলের ওয়ানাড়ে টানেল নির্মাণ প্রকল্পে ভয়াবহ ভূমিধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, এখনও সাতজন নিখোঁজ। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, ঘটনাকে ‘মানবসৃষ্ট ভূমিধস’ বলে নির্মাণে গাফিলতির অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী।
কেরলঃ কেরলের ওয়ানাড় জেলার কাল্লাডিতে আনাক্কমপয়িল-মেপ্পাডি টুইন টানেল প্রকল্পে মঙ্গলবার ভয়াবহ ভূমিধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানিয়েছেন, সাতজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও সাতজন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নীচে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কায় বড়সড় উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলটি মীনাক্ষী ব্রিজের কাছে, যেখানে গত বছর থেকে মালাপ্পুরম ও ওয়ানাড়কে সংযুক্ত করার টানেল নির্মাণের কাজ চলছে। এলাকাটি ২০২৪ সালের ভয়াবহ মুন্ডাক্কাই ভূমিধসপ্রবণ অঞ্চলের কাছেই অবস্থিত।
দমকল সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করেন। প্রকল্প এলাকার আশপাশে শ্রমিকদের থাকার জায়গার পাশাপাশি কয়েকটি বাড়ি ও হোমস্টেও রয়েছে। ফলে ধ্বংসস্তূপের নীচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ, দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং জেলা প্রশাসনের একাধিক দল উদ্ধারকাজে নেমেছে। মীনাঙ্গাড়ি ও কোঝিকোড থেকে মোট ৬০ জন NDRF কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
Heartbreaking news from Kerala as heavy rains trigger a major landslide at the Anakkompoyil-Meppadi tunnel project site near Kalladi, Wayanad
Several workers & locals are feared trapped under the debris. Local residents have already rescued three people as NDRF & Fire Services…
— SaffronSoul (@TheRealDharm) July 7, 2026
কেরল রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (KSDMA) জানিয়েছে, টানা ভারী বৃষ্টির জেরে টানেল খননের মাটি ধসে পড়ে। গত ২৪ ঘণ্টায় এলাকায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ধসে পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। টানেল নির্মাণের কাজ সোমবার থেকেই বন্ধ ছিল এবং আহত শ্রমিকরা সেই সময় প্রকল্প এলাকায় চলাফেরা করছিলেন। ধসে শ্রমিকদের বহনকারী একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর জরুরি বৈঠক ডেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণকাজ চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী টি. সিদ্দিকি অভিযোগ করেছেন, এটি প্রাকৃতিক নয়, বরং নির্মাণস্থলের গাফিলতির জেরে ‘মানবসৃষ্ট ভূমিধস’। তাঁর দাবি, জেলা প্রশাসন আগেই সম্ভাব্য ধসের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে লিখিতভাবে সতর্ক করেছিল, কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
Kolkata,West Bengal
July 07, 2026 4:14 PM IST
