Last Updated:
ওয়ানাড়ের কাল্লাডি টানেল প্রকল্পে ভয়াবহ ভূমিধসের নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যেই কাদার স্রোতে রাস্তা ও সেতু ঢেকে যেতে দেখা যায়। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক; ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের খোঁজে উদ্ধারকাজ চলছে।
কেরলঃ কেরলের ওয়ানাড় জেলার কাল্লাডিতে টানেল প্রকল্প এলাকায় ভয়াবহ ভূমিধসের একটি নতুন ভিডিও সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে কাদা ও ধ্বংসস্তূপের স্রোত রাস্তা এবং মীনাক্ষী ব্রিজের উপর আছড়ে পড়ছে। প্রাণ বাঁচাতে শ্রমিক ও স্থানীয় মানুষকে দৌড়ে পালাতে দেখা যায়। ভিডিওতে এক প্রত্যক্ষদর্শীকে চিৎকার করে বলতে শোনা যায়, “তাড়াতাড়ি দৌড়াও, ছবি তোলো।”
ভূমিধসের জেরে সেতুর উপর দাঁড়িয়ে থাকা একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার ভেসে গিয়ে একটি পার্ক করা জিপে ধাক্কা মারে। একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন প্রাণ বাঁচাতে দৌড়চ্ছেন। এক পুরুষ ও এক মহিলা কাদায় ঢেকে গেলেও পরে দুটি গাড়ির মাঝখান থেকে বেরিয়ে আসেন। আরও কয়েকজনকে কাদায় মাখামাখি অবস্থায় আহত হয়ে সেখান থেকে সরে যেতে দেখা যায়।
VIDEO | Kerala: Landslide near Meenakshi Bridge at Kalladi, where work on a tunnel road project connecting Malappuram and Wayanad districts was going on. One killed, seven injured, another seven missing, says Kerala CM V D Satheesan. CCTV visuals of the incident.#KeralaNews… pic.twitter.com/4tUkNZCUz7
— Press Trust of India (@PTI_News) July 7, 2026
এদিকে, শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি বেসরকারি বাসও ভূমিধসের ধাক্কায় পাশের নদীতে পড়ে যায়। পরে উদ্ধারকারী দল বাসটির আশপাশে তল্লাশি চালায়। ঘটনার পর গোটা এলাকা পুরু কাদার স্তরে ঢেকে যায়।
কেরল প্রশাসনের দাবি, এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন। এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা রয়েছে। এনডিআরএফ, দমকল, পুলিশ, বন দফতর এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন।
প্রকল্পের এক ইঞ্জিনিয়ার জানান, নির্ধারিত নির্মাণসীমার বাইরে পাহাড়ের ঢাল থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই ধস নেমে মীনাক্ষী ব্রিজের দিকে কাদা ধেয়ে আসে। তাঁর দাবি, ১২ জুনের পর থেকে টানেল খননের কাজ বন্ধ ছিল, শুধুমাত্র নিরাপত্তা ও ঢাল সংরক্ষণের কাজ চলছিল। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন বলেন, আবহাওয়ার সতর্কতার অভাব নয়, বরং জমে থাকা বিপুল পরিমাণ কাদা সরাতে ঠিকাদারের ব্যর্থতার কারণেই এই বিপর্যয় ঘটেছে।
Kolkata,West Bengal
