Last Updated:
ঘটনার কথা স্বীকার করে নিয়ে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ যাত্রীদের হয়রানি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া৷
অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গেল মুম্বই বিমানবন্দরে৷ মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল দুটি বিমান৷ মঙ্গলবার রাতে মুম্বই বিমানবন্দরে এমনই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল বলে সূত্রের খবর৷
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে মুম্বই থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাওয়ার জন্য রানওয়েতে দৌড় শুরু করছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান৷ কিন্তু সেই সময় ওই রানওয়েতেই দাঁড়িয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অন্য একটি বিমান৷ শেষ মুহূর্তে বিষয়টি নজরে আসা মাত্রই দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলটকে সতর্ক করে এটিসি৷ সঙ্গে সঙ্গেই এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানটি গতি কমিয়ে দাঁড়িয়ে পড়ে৷
মঙ্গলবার রাত দশটা নাগাদ মুম্বই বিমানবন্দরে এই বিপত্তি ঘটে বলে খবর৷ জানা গিয়েছে, মুম্বই থেকে দিল্লি রওনা দেওয়ার জন্য রানওয়েতে ঢুকে পড়েছিল এয়ার ইন্ডিয়ার এআই৮১৬ উড়ানটি৷ অন্যদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এআইএক্স১৫৪৭ উড়ানটি তখন সবে শিলিগুড়ি থেকে এসে মুম্বই বিমানবন্দরে অবতরণ করেছিল৷
যে রানওয়েতে শিলিগুড়ি থেকে আসা বিমানটি অবতরণ করেছিল, সেই রানওয়ে ধরেই এগিয়ে আসছিল দিল্লিগামী বিমানটি৷ শিলিগুড়ি থেকে আসা বিমানটি রানওয়ে খালি না করলেও সেই রানওয়েতে ঢুকে পড়ে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি৷
বরাতজোরে সময়মতো একই রানওয়েতে দুটি বিমান চলে আসার ঘটনা নজরে আসে এটিসি-র৷ সঙ্গে সঙ্গে দিল্লি গামী বিমানটির পাইলটকে থামার নির্দেশ দেয় এটিসি৷ যার ফলে সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়৷ নাহলে দু এক মিনিট এদিক ওদিক হলেই হয়তো বড়সড় বিপর্যয় ঘটে যেত৷
বিবৃতিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মুম্বই থেকে দিল্লিগামী এআই৮১৬ উড়ানের বিমানকর্মীরা এটিসি-র নির্দেশ পাওয়া মাত্র টেক- অফ রান থামিয়ে দেয়৷ মাটি ছেড়ে উড়ে যাওয়ার আগে সর্বোচ্চ গতিতে পৌঁছনোর জন্য বিমান যখন রানওয়েতে ধীরে ধীরে গড়াতে শুরু করে তাকেই বিমান পরিবহণের ভাষায় টেক- অফ রান বলা হয়৷
এই ঘটনার পর নিয়ম মেনে দিল্লিগামী বিমানটির প্রয়োজনীয় পরীক্ষা করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ তারপরই যাত্রী নিয়ে বিমানটিকে দিল্লি উড়ে যাওয়ার অনুমতি দেওয়ার কথা৷ তবে বিমানটিতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি৷
Kolkata,West Bengal
