Last Updated:
জীবনতলা থানায় শওকত মোল্লার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে, তাতে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট৷ পুলিশি তদন্তে আদালত হস্তক্ষেপ করবে না, জানিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য৷
ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে জনসমক্ষে হাঁটানো যাবে না৷ এ ভাবে অভিযুক্ত কাউকে ঘোরানো মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট৷
মঙ্গলবার তৃণমূল নেতা শওকত মোল্লার স্ত্রীর করা মামলা খারিজ করেও প্রাক্তন বিধায়ককে জনসমক্ষে হাঁটানো নিয়ে পর্যবেক্ষণ আকারে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য৷ শওকত মোল্লার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আবেদন সহ একগুচ্ছ আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তাঁর স্ত্রী৷ এ দিন সেই মামলা খারিজ করলেও জনসমক্ষে ঘোরানো নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ককে স্বস্তি দিয়েছে হাইকোর্ট৷
বিস্ফোরণ সংক্রান্ত মামলায় শওকত মোল্লাকে গ্রেফতার করেছিল এনআইএ৷ এর পর শওকত এবং তাঁর কয়েকজন অনুগামীর বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগণার জীবনতলা থানায় ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেন এক মহিলা৷ সেই মামলাতেই শওকতকে হেফাজতে নেয় জীবনতলা থানার পুলিশ৷
হেফাজতে নেওয়ার পরই গত ২ জুলাই শওকতকে জীবনতলা বাজার এলাকায় ঘোরায় পুলিশ৷ উপস্থিত জনতার মধ্যে থেকেই সেই সময় তারস্বরে মাছ চোর গানও চালিয়ে দেওয়া হয়৷ সেদিনই শওকতের মেয়ে জানিয়েছিলেন, এভাবে প্রাক্তন বিধায়ককে প্রকাশ্যে ঘোরানোর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা৷ নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন শওকতও৷
রাজ্যে পালাবদলের পর থেকেই তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন অভিযোগে ধৃত তৃণমূলের প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের তাঁদের এলাকাতেই জনসমক্ষে ঘোরানো শুরু করেছে পুলিশ৷ ফলতার একসময়ের ত্রাস নিজেকে পুষ্পা বলে দাবি করা তৃণমূল নেতা জাহাঙ্গির খানকেও হ্যাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ৷ যাঁদের উপরে একসময় দাদাগিরি করেছেন, তাঁদের বাড়িতে গিয়েই হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায় জাহাঙ্গিরকে৷ শুধু নেতারাই নন, তৃণমূল আমলে বিভিন্ন এলাকায় তোলাবাজির মতো অপরাধের সঙ্গে যুক্ত দুষ্কৃতীদেরও এলাকায় কোমরে দড়ি পরিয়ে ঘুরিয়েছে পুলিশ৷
Kolkata,West Bengal
Jul 07, 2026 10:32 PM IST
