Last Updated:
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতি ও শুক্রবার। আগামী সপ্তাহে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের উপরের এই পাঁচ জেলাতেই বৃহস্পতি ও শুক্রে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে আগামী ২৪ ঘণ্টায়। মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশিরভাগ জেলাতে। আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা কমবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ সরেছে পূর্ব মধ্যপ্রদেশে। বাংলায় এই সিস্টেমের আর কোনও প্রভাব নেই। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তর-পূর্ব আরব সাগর থেকে সিকিম পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ, বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আজ, বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে । শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতার আবহাওয়া:
সকালে মেঘলা আকাশ। ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দুই-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃহস্পতি ও শুক্রবার। উইকেন্ডেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি কলকাতাতে।
আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
Kolkata,West Bengal
