Last Updated:
Gold Merchant Attacked: স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে ও শরীরে অ্যাসিড ঢেলে খুন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মৃতের নাম বিকাশ দাস। অভিযোগ, বকেয়া টাকা সংক্রান্ত শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। ব্যবসায়ীকে প্রথমে দোকানের সামনে অপেক্ষা করতে বলা হয়। পরে রাত পৌনে ১১টা নাগাদ সেখান থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
আড়ংঘাটা, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটায় এক স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিকাশ দাস (৪৯)। পরিবারের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপ মারার পর শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দোকান বন্ধের পর বন্ধক রাখা সোনার গয়না ছাড়াতে আসার কথা থাকায় দোকানেই অপেক্ষা করছিলেন বিকাশ দাস।
রাত প্রায় পৌনে ১১ টা নাগাদ স্থানীয় এক ব্যবসায়ীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দোকানে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অভিযোগ, দুষ্কৃতীরা দোকান থেকে সোনার গয়না এবং প্রায় তিন লক্ষ টাকা নগদ লুট করে পালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং মৃত ব্যবসায়ীর মোবাইল ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃতের ভাইয়ের বক্তব্য, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যাদের কাছে ভাই কিছু টাকা পেত সেই টাকা পয়সার জন্যেই এই খুন। প্রতিদিন ভাই রাত নটার মধ্যে দোকান বন্ধ করে। গতকাল রাতে ভাই যাদের কাছ থেকে টাকা পেত, তারা সব হিসেব-নিকেশ বুঝিয়ে দেওয়ার জন্য ভাইকে দোকানে অপেক্ষা করতে বলে। সেই কারণে রাত দশটা বেজে গেলেও ভাই দোকান বন্ধ করে বাড়িতে আসে না।
এরপরই আসে চরম খারাপ খবর। রাত আনুমানিক পৌনে এগারোটা নাগাদ ফোন আসে ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনার জায়গায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ীর পরিণতি দেখে আতঙ্ক ছড়িয়েছে অন্য ব্যবসায়ীদের মধ্যেও।
Nadia,West Bengal
