Last Updated:
Kolkata Metro Tunnel Reached Victoria: জোড়া সুড়ঙ্গের অন্যটি তৈরির দায়িত্বে রয়েছে টিবিএম ‘দিব্যা’। সেটি ভিক্টোরিয়া পৌঁছবে ২০২৬ সালের ডিসেম্বর মাস নাগাদ। পার্কস্ট্রিট পর্যন্ত টানেলের কাজ শেষ হওয়ার জন্য ২০২৭ সালের মার্চকে ডেডলাইন ধরা হয়েছে।
কলকাতা: দীর্ঘ এক বছরের অপেক্ষা। অবশেষে এল সাফল্য৷ নির্মীয়মাণ ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। শুক্রবার সকাল ১০টা বেজে ১০ মিনিটে শুরু হল কাজ৷ ১০টা বেজে ৩৪ মিনিটে বোরিং শেষ করে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে পৌঁছল দুর্গা৷ জোকা–এসপ্ল্যানেড পার্পল লাইন মেট্রো করিডরের ভূগর্ভস্থ অংশে টানেলের কাজ। আদি গঙ্গার তলা দিয়ে টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ সুড়ঙ্গ খনন করে ভিক্টোরিয়ায় পৌঁছল।
মেট্রো সূত্রের খবর, প্রথম পর্যায়ে খিদিরপুর থেকে প্রায় ১.৭ কিমি রাস্তা ভূগর্ভে ভিক্টোরিয়া এসে পৌঁছল দুর্গা। মাটির ওপরে রয়েছে ফোর্ট উইলিয়াম, পিটিএস। কোনও রকম ক্ষয়ক্ষতি ছাড়াই এইচডিবিএম এসে পৌঁছেছে ভিক্টোরিয়ার নীচে।
প্রসঙ্গত, খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত জোড়া টিউব টানেল তৈরি করছে দুই শক্তিশালী টানেল বোরিং মেশিন — ‘দুর্গা’ ও ‘দিব্যা’। ‘দুর্গা’ TBM পার্ক স্ট্রিটের দিকে এগোচ্ছে এবং ইতিমধ্যেই ভিক্টোরিয়া এলাকায় পৌঁছল। অন্যদিকে ‘দিব্যা’ কাজ করছে জোকামুখী লাইনে। নতুন প্রজন্মের এই মেশিনগুলিতে রয়েছে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা। কলকাতার মাটির নীচে নিরাপদ ও দ্রুত টানেল নির্মাণে সাহায্য করছে।
মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, ৯০ মিটার লম্বা ৬৫০ টন ওজনের এই টানেল বোরিং মেশিন তৈরি হয়েছে চেন্নাইতে। খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে ১৭ মিটার নীচে টানেল বোরিং মেশিন দিয়ে সুড়ঙ্গ খননের কাজ হয়। আপ লাইনে অর্থাৎ পার্ক স্ট্রিটমুখী লাইনে সুড়ঙ্গ খনন করেছে ‘দুর্গা’, আর ডাউন লাইনে অর্থাৎ জোকামুখী লাইনে সুড়ঙ্গ খনন করছে ‘দিব্যা’।
বর্তমানে পার্পল লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু হয়েছে। ভিক্টোরিয়া থেকে পার্কস্ট্রিট পর্যন্ত ৯৫০ মিটার রাস্তা শেষ করার সময়সীমা রাখা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বর মাস। পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতিতে হবে। মাটিতে গর্ত করে তারপর হবে এই বিরাট কর্মকাণ্ড।
রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর থেকে জুলাইয়ে এসপ্ল্যানেড অভিমুখে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’। সেই যন্ত্র নভেম্বর মাসে পৌঁছয় রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের (আরসিটিসি) নীচে।
খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত টানেল তৈরির প্রথম ধাপ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। তার মধ্যে ‘দুর্গা’ ২০২৬ সালের জুনে ভিক্টোরিয়া পৌঁছয়।
