Last Updated:
Vietnam Boat Mishap: ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুয়ক দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার ভারতীয় পর্যটক সেখানে বেড়াতে যান। বিশেষ করে মে রুট দ্বীপটি (May Rut Islet) স্নরকেলিং এবং স্কুবা ডাইভিংয়ের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
হো চি মিন সিটি: ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কুয়ক (Phu Quoc) দ্বীপের কাছে সমুদ্রের মধ্যে স্পিডবোট উল্টে গিয়ে কমপক্ষে ১৫ জন ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরে উদ্ধার অভিযান চালাচ্ছেন স্থানীয় প্রশাসন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা দিতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ভিএনএক্সপ্রেস (VnExpress)-এর প্রতিবেদন অনুযায়ী, ওশান পার্ল আইল্যান্ড কোম্পানি (Ocean Pearl Island Company) পরিচালিত স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন নৌকাকর্মী ছিলেন। নৌকাটি হন মে রুট (Hon May Rut) দ্বীপ থেকে আন থই (An Thoi) বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। ফু কুয়ক থেকে তা প্রায় ২৫ কিলোমিটার দূরে এবং উপকূল থেকে মাত্র ৪০০ মিটার দূরে পৌঁছতেই স্পিড বোটটি উল্টে যায়।
দুর্ঘটনার পরে স্থানীয় প্রশাসন ২১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নৌকাকর্মী এবং একজন পরিচারক। তবে ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। আশপাশে থাকা একাধিক পর্যটকবাহী নৌকা দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করেছে বলে জানা গিয়েছে।
🚨 BREAKING: TOURIST SPEEDBOAT SINKS OFF PHU QUOC
A speedboat carrying 32 Indian tourists sank near Hon May Rut Ngoai, Phu Quoc, at around 10:30 a.m. on July 11.
🛟 18 people had been rescued by early afternoon.
⚠️ Authorities say fatalities are feared, but the official death… pic.twitter.com/rTkrbZ6GQp— NGO-SUGAR (@ngosugartp) July 11, 2026
ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘একটি মর্মান্তিক ঘটনায় কয়েক ঘণ্টা আগে ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা উল্টে গিয়েছে। স্থানীয় প্রশাসনের তল্লাশি ও উদ্ধার অভিযান এখনও চলছে। ঘটনার সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।’’
ভিয়েতনামে ভারতের দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত নৌকায় মোট ৩২ জন ভারতীয় পর্যটক ছিলেন। দূতাবাস তাদের নামের তালিকাও প্রকাশ করেছে। একইসঙ্গে জানানো হয়েছে, ‘‘মৃত ও আহতদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। খুব শীঘ্রই হালনাগাদ তথ্য জানানো হবে।’’
ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় সমুদ্র বেশ উত্তাল ছিল এবং এলাকায় বড় বড় ঢেউ উঠছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উত্তাল সমুদ্র ও প্রবল ঢেউয়ের কারণেই স্পিডবোটটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। যদিও তখন বৃষ্টি হচ্ছিল না এবং আশপাশে অন্যান্য পর্যটকবাহী নৌকাও চলাচল করছিল।
ফু কুয়ক বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রশাসনের দাবি, উপকূল থেকে মাত্র ৪০০ মিটার দূরে নৌকাটি উল্টে গেলে তাতে থাকা সকলেই সমুদ্রে পড়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন।
এক নৌকা-চালক ভিএনএক্সপ্রেসকে জানান, তাঁর নৌকা মাত্র পাঁচ মিনিটের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে বেশ কয়েকজন ভারতীয় পর্যটকেরা উল্টে যাওয়া নৌকার ভিতরে আটকে পড়ায় উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ো। তাঁর কথায়, ‘‘খুব অল্প কয়েকজনকে সচেতন অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল।’’
উদ্ধারকাজে অংশ নেয় আন থই সীমান্তরক্ষী বাহিনী। তারা দু’টি নৌযান এবং ৩৫ জন আধিকারিককে ঘটনাস্থলে পাঠায়। নৌবাহিনী, কোস্ট গার্ড এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে নৌকায় থাকা মোট ৩৬ জনকেই তীরে নিয়ে আসা হয়। তবে তাঁদের মধ্যে ১৫ জন ভারতীয় পর্যটক—দুই মহিলা ও ১৩ জন পুরুষ—মৃত বলে নিশ্চিত করেছে প্রশাসন।
