Last Updated:
অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাডাপা জেলায় সাম্প্রতিক ৮ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। এর জেরে দেশে ফের করোনার আতঙ্ক শুরু হয়েছে। সেই সঙ্গে কোভিড পজিটিভ দুই রোগীর মৃত্যু হয়েছে।
অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাডাপা জেলায় সাম্প্রতিক কয়েক সপ্তাহে ৮ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি, করোনা পজিটিভ দুই রোগীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ সামনে আসতেই নজরদারি বাড়িয়েছে স্বাস্থ্য দফতর। আক্রান্ত এলাকাগুলিতে পাঠানো হয়েছে র্যাপিড রেসপন্স টিম এবং স্থানীয় বাসিন্দাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালগুলিকে আইসোলেশন পরিষেবা প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
মৃতদের মধ্যে একজন কাডাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সি ব্যক্তি। জ্বর ও কাশির উপসর্গ দেখা দেওয়ার পর তাঁর করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অন্য দিকে, শারীরিক জটিলতা নিয়ে কাডাপার ৪৩ বছর বয়সি এক ব্যক্তি সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়ে। কোভিড আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এদিকে, কাডাপা মেডিক্যাল কলেজের ২৫ বছর বয়সি এক মেডিক্যাল পড়ুয়ার শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
নতুন সংক্রমণের খবর সামনে আসার পর জেলায় বিশেষ র্যাপিড রেসপন্স টিম পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। সংক্রমণ ধরা পড়া এলাকাগুলি থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের পরীক্ষার ফল এখনও অপেক্ষাধীন।
সম্প্রতি জেলা পরিষদের এক বৈঠকে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, জেলায় ৮টি কোভিড সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। কোন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ ছড়াচ্ছে এবং তার সংক্রমণ ক্ষমতা খতিয়ে দেখতে নমুনা পুণের একটি পরীক্ষাগারে জিন সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় কাডাপায় করোনা সংক্রমণ ছড়ানো রুখতে একাধিক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা কালেক্টর সিএইচ শ্রীধর এবং জেলা মেডিক্যাল ও স্বাস্থ্য আধিকারিক রবি বাবুর সঙ্গে ফোনে কথা বলে সংশ্লিষ্ট মন্ত্রী আক্রান্ত এলাকাগুলিতে কঠোরভাবে কোভিড বিধি কার্যকর করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে।
হাসপাতাল-সহ ভিড়পূর্ণ জনসমাগমের জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী আইসোলেশনে পাঠানোর কথাও বলা হয়েছে।
করোনা আক্রান্তদের পরিবারের সদস্যদের অবিলম্বে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। কারও রিপোর্ট পজিটিভ এলে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করতে হবে। পাশাপাশি, যাঁদের পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, তাঁদের হোম আইসোলেশনে নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে।
আক্রান্ত এলাকাগুলিতে স্যানিটাইজেশন প্রক্রিয়াও জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্লিচিংয়ের কাজ চলছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
