কলকাতা: পূর্বাভাস মিলিয়েই আজ রথযাত্রার দিন, হালকা-মাঝারি বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। যদিও দুর্যোগ থামার নাম লক্ষণ নেই বললেই চলে। ঠিক এমন এক পরিস্থিতিতেই আলিপুর আবহাওয়া দফতর ফের রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে।
আরও পড়ুন, কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের “আমি এটুকু বলতে পারি..”
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থানরত নিম্নচাপটি আজ, ১৬ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮ টায় ওই একই অঞ্চলের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি, গড় সমুদ্রপৃষ্ঠ থেকে, ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, এটি আগামী দুই দিনে, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে, উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি, বর্তমানে জম্মু, বেরেলি, বস্তি, ডালটনগঞ্জ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের উপর, সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র অতিক্রম করে সেখান থেকে, পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে, উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের উপর, অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের সঙ্গে যুক্ত, ঘূর্ণাবর্ত থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রকে অতিক্রম করে, পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত, গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি থেকে ৭.৬ কিমি উচ্চতার মধ্য়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে আজ। তবে আগামীকাল শুধুই ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। প্রতিঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আইএমডির। আগামী ১৮ জুলাই শনিবার অবধিই থাকছে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা।অপরদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা-মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে। ১৮ তারিখ অর্থাৎ শনিবারও এর অন্যথা নেই। হাওয়া অফিস জানিয়েছে, প্রবল বর্ষণের আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে।