Last Updated:
125 Days Work: রাজ্যের একাধিক জেলায় ১২৫ দিনের কাজ শুরু হওয়া নিয়ে উদ্বেগের মধ্যেই এবার বড় সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা: গ্রামে গ্রামে ১২৫ দিনের কাজে এবার বিধায়কদেরও নজরদারি। VB-G RAM G নিয়ে এবার বিধায়কদের প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য। VB-G RAMG-তে কী কী কাজ হয়? এবার বিধায়কদের ক্লাস করানো হবে। গ্রামে গ্রামে ১২৫ দিনের কাজের জন্য বিধায়কদের মাধ্যমে নজরদারি চায় রাজ্য। ১২৫ দিনের প্রকল্পের কাজের মধ্যে কী কী কাজ করতে হবে সেগুলিও চিহ্নিত করে দিতে পারবেন বিধায়করা। এই কারণেই বিধায়কদের এই প্রশিক্ষণ দেওয়া হতে চলেছে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, ইতিমধ্যেই বিধায়কদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় মডেল তৈরি করছে রাজ্য পঞ্চায়েত দফতর। উল্লেখ্য, খুব শীঘ্রই পঞ্চায়েত আইনে সংশোধন এনে পঞ্চায়েত প্রধানদের বদলে সরকারি আধিকারিকদের আর্থিক ক্ষমতা দিতে চলেছে রাজ্য। কিন্তু তার পাশাপাশি আগামী দিনে এলাকার বিধায়করাও চিহ্নিত করে দিতে পারবেন তাদের এলাকায় গ্রামে গ্রামে কী কী কাজ ১২৫ দিনের কাজের মাধ্যমে করানো যেতে পারে।
প্রসঙ্গত, ১২৫ দিনের কাজে দক্ষ শ্রমিক ও অর্ধদক্ষ শ্রমিকদের ইতিমধ্যেই মজুরি বাড়ানো হয়েছে রাজ্যে। দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ৫২০ টাকা থেকে বাড়িয়ে ৬০০টাকা করার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। অর্ধ দক্ষ বা Semi Skilled শ্রমিকদের মজুরি ৩৯০ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আগেই ১২৫ দিনের কাজে অদক্ষ শ্রমিকদের মজুরি ২৬০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছিল কেন্দ্র। এবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। উল্লেখ্য, দক্ষ শ্রমিক বলতে রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান,মেশিন অপারেটর এই ধরনের কাজ করলে তাদের বলা হয় দক্ষ শ্রমিক। অর্ধ দক্ষ শ্রমিক বলা হয় মূলত সুপারভাইজারদের।
এদিকে একাধিক জেলায় অভিযোগ উঠেছে রাজ্যে ১লা জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু করার জন্য কেন্দ্রীয় বরাদ্দ এলেও এখনো পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে উদ্বিগ্ন রাজ্য। রাজ্যে ৩৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ২৯০০ টি গ্রাম পঞ্চায়েতে নির্দিষ্ট সময়ে শুরুই হয়নি ১২৫ দিনের কাজ।
একাধিক পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতি, পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে বেশ কিছু জায়গায় অনাস্থার কারণেই এই অবস্থা বলেই মত দফতরের আধিকারিকদের। বর্তমানে পঞ্চায়েত আইন অনুযায়ী পঞ্চায়েত প্রধানদের হাতেই আর্থিক ক্ষমতা রয়েছে। আর তার জেরেই এই একাধিক পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতির দরুণ এই সংকট তৈরি হয়েছে বলেই মত দফতরের আধিকারিকদের। তাই আগামী দিনে এই আইনে পরিবর্তন করতে চলেছে রাজ্য।
Kolkata,West Bengal
Jul 16, 2026 11:49 PM IST
