Last Updated:
পুলিশের ধারণা, হামলাকারী যুবক তরুণীর পূর্বপরিচিত৷ অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি৷ আশেপাশের থানাগুলিকেও সতর্ক করা হয়েছে৷
বাসের জন্য অপেক্ষা করছিলেন ২১ বছর বয়সি তরুণী৷ আচমকাই কাস্তে নিয়ে তাঁর উপরে চড়াও হল এক ব্যক্তি৷ কিছু বুঝে ওঠার আগেই তরুণীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করল অভিযুক্ত৷
বৃহস্পতিবার বিকেলে কর্ণাটকের বাঁতওয়ালের একটি ব্যস্ত বাস স্ট্যান্ডে এমনই শিউরে ওঠা ঘটনার সাক্ষী থাকল৷ কাস্তের এলোপাথাড়ি কোপে রক্তাক্ত তরুণী মাটিতে লুটিয়ে পড়েন৷ এর পরই ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত৷ তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি৷ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই তরুণীর৷
তরুণীকে এলোপাথাড়ি কোপানোর ওই দৃশ্য ক্যামেরাবন্দিও করেন অনেকে৷ সেই ভিডিও ভাইরালও হয়েছে৷ যদিও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ পুলিশ আসার আগেই ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত৷
জানা গিয়েছে, মৃত ওই তরুণীর নাম লাবণ্য৷ তিনি উলিগ্রামের বাসিন্দা৷ তিনি কালাড়কার একটি নার্সিং হোমে কাজ করতেন৷ সন্ধেবেলা বাঁতওয়ালের বি সি রোডে কেএসআরটিসি-র নতুন বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তিনি৷ তখনই তাঁর উপরে হামলা হয়৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সন্ধে ৬টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে৷ অভিযুক্তকেও চিহ্নিত করেছে পুলিশ৷ জানা গিয়েছে, চেতন নামে ওই অভিযুক্ত বেলথানগাড়ির ওডিলনালার বাসিন্দা৷ নিজের কাছে থাকা ব্যাগ থেকে কাস্তে বের করতে দেখা গিয়েছে৷
পুলিশ আরও জানতে পেরেছে, অভিযুক্তের হাতে ওই অস্ত্র দেখেই বাঁচার জন্য পালাতে শুরু করেছিলেন লাবণ্য৷ কিন্তু তাঁকে ধাওয়া করে কাস্তে দিয়ে কোপাতে শুরু করে চেতন৷ হামলায় ব্যবহৃত ওই অস্ত্রটিও ঘটনাস্থলেই ফেলে যায় অভিযুক্ত৷
স্থানীয় বাসিন্দারাই গুরুতর আহত ওই তরুণীকে উদ্ধার করে বাঁতওয়ালের ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা চেষ্টা করলেও তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি৷ পলাতক অভিযুক্তের খোঁজও শুরু করেছে পুলিশ৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
