Last Updated:
Governor Fake Phone Alert: “হ্যালো, আমি রাজ্যপাল বলছি!” এবার এমনই ফোন আসছে জনসাধারণের কাছে? নম্বর শেয়ার করে সতর্ক করল লোকভবন।
কলকাতা: রাজ্যপাল ও লোক ভবনের আধিকারিকদের পরিচয় দিয়ে ভুয়ো ফোন করার অভিযোগ। অভিযোগ, +91 98365 40163 নম্বর থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, শীর্ষ সরকারি আধিকারিক ও অন্যান্যদের ফোন করা হচ্ছে। ঘটনায় কড়া পদক্ষেপ করেছে লোকভবন।কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করা হয়েছে লোকভবনের। ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ লোকভবনের:
রাজ্যপাল বা লোক ভবনের নামে আসা কোনও ফোন বা বার্তা যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ লোকভবনের। সরকারি আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে লোক ভবন। এই ধরনের ভুয়ো ফোন বা প্রতারণার তথ্য থাকলে অবিলম্বে লোকভবনের সরকারি যোগাযোগ মাধ্যমে জানাতে অনুরোধ করা হয়েছে।
“হ্যালো, রাজ্যপাল বলছি!”
“হ্যালো, রাজ্যপাল বলছি!” এবার এমনই ফোন নাকি আসছে প্রভাবশালীদের কাছে? শুক্রবার, ১৭ জুলাই লোক ভবনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি প্রেস বিজ্ঞপ্তি বা অ্যাডভাইজরি জারি করে আমজনতা ও সমস্ত স্তরের আধিকারিকদের সতর্ক করা হয়েছে।
ইতিমধ্যেই লোকভবনের তরফে তদন্তের স্বার্থে এই নির্দিষ্ট মোবাইল নম্বরটি প্রকাশ করে দেওয়া হয়েছে। নম্বরটি হল: +91 98365 40163। এই নম্বর থেকেই রাজ্যপালের নাম করে ফোন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে। নম্বরটি সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে লোকভবন। এই জালিয়াত চক্রের উদ্দেশ্য কী? বা নেপথ্যে কারা রয়েছে? কোনও বড়সড় আর্থিক প্রতারণা বা প্রশাসনিক ষড়যন্ত্র চক্র কাজ করছে কিনা সবই খতিয়ে দেখছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ। তদন্ত প্রক্রিয়া শুরু করেছে লালবাজারের গোয়েন্দারা।
শুধু রাজ্যপালের থেকেই নয় জালিয়াতরা অন্য আরও কোনও গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি বা সেলিব্রেটিদের নাম করেও এমন কাণ্ড ঘটাতে পারে। তাই এই ধরণের সাইবার ক্রাইম থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করা জরুরি।
কীভাবে জানাবেন অভিযোগ?
যদি কোনও ব্যক্তি এই নির্দিষ্ট মোবাইল নম্বর কিংবা অন্য কোনও মাধ্যমে রাজ্যপাল বা লোক ভবনের নাম করে এমন কোনও ভুয়ো বা সন্দেহজনক ফোন পান, অথবা এই সংক্রান্ত কোনও তথ্য কারও কাছে থাকে, তবে তা অবিলম্বে লোক ভবনের অফিসিয়াল চ্যানেলে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যোগাযোগের জন্য নির্দিষ্ট নম্বর ও ইমেল আইডি দেওয়া হল:
যোগাযোগের নম্বর: 033-2200-1641 থেকে 44 (033-2200-1641-44)
অফিসিয়াল ইমেল: generalcellgs@gmail.com
Kolkata,West Bengal
Jul 17, 2026 11:57 PM IST
