Last Updated:
নতুন কারখানার সূচনা অনুষ্ঠান ছিল বাঁকুড়ার মেজিয়ায়। আর সেখানে থেকেই গুন্ডামি, সিন্ডিকেটরাজ ও কাটমানি নিয়ে চরম বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।
বাঁকুড়া: শিল্পে গুন্ডামিতে জিরো টলারেন্স। বাঁকুড়ায় শ্যাম স্টিলের ইস্পাত কারখানার সম্প্রসারণের মঞ্চে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রাক্তন মুখ্যমন্ত্রী একবার এসে দেখে যান। দরকার হলে বলবেন, সরকারি হেলিকপ্টারটা পাঠিয়ে দেব…৷’
‘গুন্ডামি করলেই অ্যাকশন’:
শুভেন্দু অধিকারী শুক্রবার আরও বলেন, ‘‘এই সরকার না-আসলে এরা ওড়িশায় চলে যাবে ভেবেছিল। তোলাবাজি-ইউনিয়ন রাজ, রাস্তায় বেরোলে হাত পাতত। আমরা প্রথমেই আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। কারখানার গেটে তালা লাগালে হাজতে থাকতে হবে। গেটটা ভেঙে দিয়ে গেলে তিনগুণ আদায় করব। নো সিন্ডিকেট, নো কাটমানি। যানতে পারলেই ব্লো দেম আপ। ভেঙে গুঁড়িয়ে দেব।’’
শুভেন্দুর নিশানায় তৃণমূল-সিপিআইএম:
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যা চাইবেন করব। লেফটের আমলে জোর করে গুলি চালিয়ে জমি নিয়েছেন। টিএমসি বলেছে, তুমি গিয়ে জমি কেন। বিজেপি বলছে, আমি জমি কিনে আপনাকে দেব। জোর করে জমি কাড়ব না। ইনভেস্টরকে দরজা দেখাব না। সরকারের একটা দায়িত্ব আছে।’’
পালাবদলের পর বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। নতুন সরকারের লক্ষ্য বাংলায় শিল্পবন্ধু পরিবেশ তৈরি করা। বিনিয়োগকারীদের মনে ভরসা তৈরি করা। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘সরকার আপনাদের সঙ্গে আছে। এনডিএ সরকার ২১ রাজ্যে আছে। যত বিনিয়োগ হচ্ছে গুজরাত-মহারাষ্ট্র-ইউপি-ওড়িশায় যাচ্ছে। ডবল ইঞ্জিনের জাদু চলছে। মোদিজির জাদু চলছে। বাংলার জনগণকে বলছি, এই সরকার রাজমার্গ-রেলওয়ে-এয়ারপোর্ট-সি পোর্ট সব করবে।’’
মুখ্যমন্ত্রীর কথায় খুশি স্থানীয়রাও ৷ বাঁকুড়া মেজিয়ার বাসিন্দা বিশ্বনাথ বারুইর কথায়, ‘‘এখানে কাজ নেই। আমরা গরিব মানুষ। বিরাট উপকার হবে। আগের সরকার খালি কাটমানি নিত। এবার কাজ হবে।’’ স্থানীয় আরেক বাসিন্দা প্রদীপ গোপ জানান, ‘‘সরকারকে অসংখ্য ধন্যবাদ। এই কারখানা হলে অনেক কর্মসংস্থান হবে।’’
Kolkata,West Bengal
