Last Updated:
TMC: ২১ শে জুলাইয়ে নতুন চমক নব তৃণমূলের! এবার আসছে ‘ব্যাজ’। কোন বিশেষ কারণে দেওয়া হবে? কী বলছে কালীঘাট শিবির?
কলকাতা: ২১ শে জুলাই নিয়ে তৃণমূলের দুই শিবিরে প্রস্তুতি তুঙ্গে। বিশেষ ব্যাজ নিয়ে গান্ধি মূর্তির পাদদেশে ‘ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের’ ২১শে জুলাই সমাবেশে যোগ দেবেন জেলার কর্মীরা। ইতিমধ্যেই দফায় দফায় সমাবেশ সফল করতে বৈঠক চালিয়ে যাচ্ছেন ফিরহাদ-অরূপ-সন্দীপনরা। বীরভূমের ভীড় নিয়ে আলোচনায় ব্যস্ত অভিজিৎ ‘রাণা’ সিনহা। আবার উত্তরের জেলা নিয়ে আলোচনা চালাচ্ছেন নব্য তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র-সহ বাকিরা।
দুই পক্ষই জানে ২১শে জুলাই হল তাঁদের ক্ষমতা প্রদর্শনের লড়াই। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই শর্ত বেঁধে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে। ২৫০০ এর বেশি জমায়েত করা যাবে না। কিন্তু গান্ধি মূর্তির সামনে সভায় নেই কোনও বিধি নিষেধ।
কালীঘাট শিবির জোর দিচ্ছে ‘সোশ্যাল’ জমায়েতে। অন্যদিকে নব্য তৃণমূলের জোর ভীড়ে।
ইতিমধ্যেই ওয়ার্কিং কমিটি-সহ সব বিধায়কদের ও জেলা নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক সারছেন ঋতব্রত বন্দোপাধ্যায়-সন্দীপন সাহা-জাভেদ খান-অরূপ রায়-ফিরহাদ হাকিম-অরূপ বিশ্বাস-চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাঁরা সভায় যোগ দিতে আসবেন তাঁদের দেওয়া হবে বিশেষ ব্যাজ। সেই ব্যাজ নিয়েই সভামুখী হবেন তাঁরা।
সূত্রের খবর এর ফলে সহজেই বোঝা যাবে কারা কারা কোথা থেকে আসছেন। যদিও কালীঘাট শিবির কটাক্ষ করে বলছে এই ব্যাজ আসলে অন্য বার্তা দেওয়ার। যাতে সভাস্থলে আসতে কেউ না আটকায়। কালীঘাট শিবিরের পরিকল্পনা অবশ্য পতাকা নয় খালি প্রতীক নিয়ে চলে আসুন সভা স্থলে।
ঋতব্রত বন্দোপাধ্যায় একুশে জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে শুক্রবার বলেন, ২১ জুলাইয়ের কর্মসূচি শহিদ স্মরণকেন্দ্রিক, কোনও বিনোদনমূলক অনুষ্ঠান নয়। মঞ্চে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন শহিদ পরিবারের সদস্যরা, তাঁদের উপস্থিতিকেই গুরুত্ব দেওয়া হবে। কর্মসূচির রাজনৈতিক ও সাংগঠনিক গুরুত্ব বজায় রেখেই মঞ্চ সাজানো হবে।সেলিব্রিটিদের এনে মঞ্চের মূল আকর্ষণ করা হবে না। আমরা কোনও রিয়েলিটি শো করছি না, এটি শহিদদের স্মরণে একটি রাজনৈতিক কর্মসূচি।”
মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ঋতব্রতর দাবি, হতাশা ও অবসাদ থেকেই অনেক সময় বিতর্কিত মন্তব্য বেরিয়ে আসে। শহিদ পরিবারকে অপমান করার অধিকার কারও নেই। তাঁর ‘বিক্রি হয়ে যাওয়া’ বা ‘ভয় দেখিয়ে আনা’-র মতো মন্তব্য হতাশা ও রাজনৈতিক অবসাদের বহিঃপ্রকাশ।
Kolkata,West Bengal
Jul 18, 2026 11:55 AM IST
