Last Updated:
পূর্ব রেল কর্তৃপক্ষের লক্ষ্য, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায় এবং যাত্রী নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যায়, সে জন্য নন-ইন্টারলক এলাকাগুলির উপর বিশেষ নজরদারি চালানো হবে।
কলকাতা: মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দিতে নন-ইন্টারলক স্টেশন ও গেটগুলিকে বিশেষ নজরে আনল পূর্ব রেল। এই ঘটনাকে শিক্ষা হিসেবে নিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) প্রিন্সিপাল চিফ সেফটি অফিসারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন।
রেল সূত্রে জানা গিয়েছে, কোথায় সমন্বয়ের অভাব রয়েছে, কোথায় কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি নন-ইন্টারলক গেট ও স্টেশনগুলিতে বিশেষ অভিযান চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের। বর্তমানে পূর্ব রেলের অধীনে মোট ৯০৬টি স্টেশন রয়েছে। এর মধ্যে ৮৪২টি ইন্টারলকিং ব্যবস্থার আওতায় থাকলেও ৬৪টি স্টেশন এখনও নন-ইন্টারলক। এই স্টেশনগুলির নিরাপত্তা ব্যবস্থা, পরিচালন পদ্ধতি এবং কর্মীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করতেই এই উদ্যোগ বলে রেল সূত্রে খবর।
গতকাল মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে গোবিন্দপুরে পুলকারে ধাক্কা মারে একটি প্যাসেঞ্জার ট্রেন৷ এই দুর্ঘটনার জন্য প্রাথমিক ভাবে গেটম্যানের ভুলকেই দায়ী করেছিলেন স্থানীয় বাসিন্দারা৷ অভিযোগ গেটম্যান ভুল করে গেট তুলে দেওয়ার কারণে রেল লাইনের উপরে চলে গিয়েছিল ওই পুলকারটি৷ ফলে তীব্র গতিতে ছুটে আসা ট্রেনের সামনে পড়ে যায় স্কুল পড়ুয়া বোঝাই ওই পুলকার৷ নিমেষের মধ্যেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়ে ছিটকে যায় পুলকারটি৷ দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়িতে থাকা ৪ জন ছাত্রীর৷ এ ছাড়াও এক সাইকেল আরোহীরও মৃত্যু হয়৷
এই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গেটনম্যান অনুপ কুর্মকারের উপরে চড়াও হয়৷ গণধোলাইয়ে পা ভাঙে ওই গেটম্যানের৷ এই মুহূর্তে বহরমপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ দুর্ঘটনার পর তাঁকে সাসপেন্ড করেছে রেল৷ গ্রেফতার করেছে পুলিশও৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গেটম্যান অনুপ কর্মকার৷ তাঁর পাল্টা দাবি, এক্সপ্রেস ট্রেন বেরনোর পর যে আরও একটি প্যাসেঞ্জার ট্রেন আসছে, তাঁকে সেই খবরই দেননি স্টেশন মাস্টার৷ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রেথ অ্যানালাইজার এবং রক্ত ও মুত্র পরীক্ষা করে ওই গেটম্যানের শরীরে মদের উপস্থিতির কোনও প্রমাণ মেলেনি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
