Last Updated:
রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা অতনু চক্রবর্তীকে।
কলকাতা: রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত IAS কর্মকর্তা অতনু চক্রবর্তী-কে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞ সদস্যরা।
সরকারি কর্মীদের বেতন, ভাতা, ডিএ (Dearness Allowance), বিশেষ ভাতা, ট্রাভেলিং অ্যালাউন্স-সহ বিভিন্ন আর্থিক সুবিধা পর্যালোচনা করবে কমিশন। পেনশন, অবসরকালীন সুবিধা, পদোন্নতি নীতি, চাকরির শর্ত এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও সুপারিশ করবে কমিশন।
কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো, অন্যান্য রাজ্যের ব্যবস্থা এবং অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ-ও বিবেচনায় রাখা হবে।প্রয়োজন হলে কমিশন অন্তর্বর্তীকালীন রিপোর্টও জমা দিতে পারবে এবং বিভিন্ন বিশেষজ্ঞের মতামত নিতে পারবে। কমিশনের সদর দপ্তর কলকাতায় থাকবে, তবে প্রয়োজনে রাজ্যের অন্যান্য জায়গা বা দিল্লিতেও বৈঠক করতে পারবে। বিজ্ঞপ্তি প্রকাশের ছয় মাসের মধ্যে কমিশনকে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে রাজ্য সরকার। নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দফতর।
এর আগে চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ২০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যা এক কথায় ঐতিহাসিক, ১ অক্টোবর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা। তার পর থেকেই সরকারি কর্মচারীরা অপেক্ষায় রয়েছেন কবে থেকে বাড়বে ডিএ এবং কবে কার্যকর হবে সপ্তম বেতন কমিশন। ক্ষমতায় আসার আগে নিজেদের নির্বাচনী ইস্তাহারে সপ্তম বেতন কমিশন এবং ডিএ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় এসে বাজেটে ডিএ নিয়ে প্রত্যাশা অনেকটাই পূরণ করেছে সরকার। এবার বাকি বেতন কমিশন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
