Last Updated:
Kolkata Metro: কলকাতা মেট্রো রেলের সূচিতে বিরাট বদল। এবার থেকে ব্লু এবং গ্রিন দুই লাইনেই সকাল ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে মেট্রো।
কলকাতা: বর্তমানে ব্লু লাইনে সকাল ৬টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট এবং গ্রিন লাইনে সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত পরিষেবা চালু রয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে শনিবার ব্লু ও গ্রিন—দুই লাইনেই সকাল ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। রবিবার দুই লাইনেই পরিষেবা মিলবে সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।
যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। ব্লু লাইনে সোমবার থেকে শনিবার ১২টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৬টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। অন্যদিকে, গ্রিন লাইনে সোমবার থেকে শনিবার ৮টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৩টি অতিরিক্ত ট্রেন বাড়ানো হবে। তবে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হচ্ছে না। নির্দিষ্ট স্টেশনগুলিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা রাত ৯টা ৩০ মিনিটের পরও কাজ চালিয়ে যাবেন এবং অতিরিক্ত সময় কাজের জন্য ওভারটাইম ভাতা (OT) দেওয়া হবে।
এছাড়াও, রাত ৯টা ২৫ মিনিটের পর ব্লু ও গ্রিন লাইনের সমস্ত বুকিং কাউন্টার বন্ধ থাকবে। যাত্রীরা এএসসিআরএম (ASCRM), স্মার্ট কার্ড এবং অ্যাপ-ভিত্তিক টিকিটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
প্রসঙ্গত, কলকাতার গ্রিন লাইনের সল্টলেক সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি পিলারের বাইরের অংশে ফাটল দেখা যাওয়ায় বুধবার যাত্রীদের মধ্যে সাময়িক উদ্বেগ ছড়ায়। অফিস টাইমে স্টেশনে যাতায়াতের সময় কয়েকজন যাত্রীর নজরে আসে পিলারের ওই ফাটল। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পিলারের মূল অংশ সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং স্টেশন নিরাপদ। গ্রিন লাইনে মেট্রো পরিষেবাও স্বাভাবিকভাবেই চলছে। যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেও আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
