Last Updated:
NEET UG 2024 Paper Leak Case CBI: নিট-ইউজি ২০২৪ প্রশ্নফাঁস মামলায় সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে মেলেনি প্রমাণ, জানাল সিবিআই।
কলকাতা: ২০২৪ সালের ‘নিট-ইউজি’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়ার যুক্ত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানাল সিবিআই। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরে পুরো ষড়যন্ত্র এবং এর সঙ্গে যুক্ত সবাইকে চিহ্নিত করা হলেও, এই চক্রান্তে সঞ্জীব মুখিয়ার ভূমিকার সপক্ষে কোনও প্রমাণ মেলেনি।
সঞ্জীব মুখিয়াকে ইচ্ছাকৃত ভাবে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে– এমন যে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ তথ্যভিত্তিক নয় এবং বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই মর্মে সিবিআই বিবৃতি দিয়ে জানিয়েছে। একই সঙ্গে সিবিআই বিবৃতিতে উল্লেখ করেছে, ২০২৪ সালে বিহার পুলিশ NEET (UG) ২০২৪-এর প্রশ্নপত্র চুরির ঘটনায় একটি মামলা দায়ের করে। তদন্তের প্রাথমিক পর্যায়ে, অন্যান্য একাধিক প্রশ্নপত্র ফাঁসের মামলায় জড়িত থাকার কারণে সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে সন্দেহ জাগে।
সেই সূত্রেই বিহার পুলিশে দায়ের করা এফআইআরে তাঁকে অভিযুক্ত হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করে। পরবর্তীতে মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই এর দাবি, তদন্তে প্রশ্নপত্র চুরি, তা পরীক্ষার্থীদের একাংশের মধ্যে দেওয়া এবং চুরি হওয়া প্রশ্নপত্রের সুবিধাভোগী প্রত্যেক পরীক্ষার্থীর পরিচয় শনাক্ত করা হয়েছে। এই মামলায় পাটনার সংশ্লিষ্ট আদালতে মোট ৪৫ জনের বিরুদ্ধে একাধিক চার্জশিট দাখিল করা হয়েছে।
তদন্ত চলাকালীন সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে NEET (UG) ২০২৪-এর প্রশ্নপত্র চুরি বা বিতরণের সঙ্গে জড়িত থাকার কোনও প্রমাণ সিবিআই পায়নি। কেন্দ্রীয় সংস্থার দাবি, বিস্তারিত ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে গোটা ষড়যন্ত্র এবং তাতে জড়িত সকল ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তদন্ত চলাকালীন সঞ্জীব মুখিয়া পলাতক ছিলেন। পরে বিহার পুলিশ তাঁকে অন্য কয়েকটি মামলায় গ্রেফতার করে। যেহেতু NEET-UG ২০২৪ মামলার এফআইআরেও তাঁর নাম ছিল, তাই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
তবে তদন্তে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না মেলায়, সিবিআই এই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেনি। ফলে তিনি NEET-UG মামলায় জামিন পান। যদিও জামিন পাওয়ার পরও তিনি বিহার পুলিশের তদন্তাধীন অন্যান্য মামলায় অভিযুক্ত থাকায় বিচারবিভাগীয় হেফাজতেই ছিলেন।
অমিত সরকার
Kolkata,West Bengal
