Last Updated:
পরীক্ষার্থীর অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার NTA-র সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য হন।
কলকাতা: নিট (NEET) পরীক্ষা নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহে এবার নম্বর কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক পরীক্ষার্থী। অভিযোগ, উত্তরপত্র (OMR) এবং প্রকাশিত Answer Key অনুযায়ী তাঁর যে নম্বর পাওয়ার কথা, ফল প্রকাশে তার সঙ্গে বড়সড় অমিল রয়েছে।
বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। ওই দিনের মধ্যে NTA-কে জানাতে হবে, কী কারণে নম্বরে এত বড় অসঙ্গতি দেখা গেল।
মামলাকারীর দাবি, প্রকাশিত Answer Key এবং তাঁর OMR শিট মিলিয়ে হিসাব করলে তাঁর ৬৫৯ থেকে ৬৬১ নম্বর পাওয়ার কথা। কিন্তু NTA প্রকাশিত ফলাফলে তাঁকে মাত্র ২৮৯ নম্বর দেওয়া হয়েছে।
আদালতে পরীক্ষার্থী তাঁর OMR শিট পুনরায় যাচাই করার আবেদন জানিয়েছেন। বিচারপতি অমৃতা সিনহা বলেন, বর্তমানে NEET কাউন্সেলিং প্রক্রিয়া চলছে, তাই বিষয়টির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। সেই কারণেই আদালত NTA-কে দ্রুত নিজেদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানিতে NTA-র রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে সিজেপি (CJP)-র চলমান আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার বলেন, দেশের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যৎ সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরও জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে।
“যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগেরই এটি একটি অংশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 23, 2026 10:03 PM IST
