Last Updated:
যেহেতু ককরোচ জনতা পার্টিকে কলকাতা পুলিশ আলাদা করে মিছিলের অনুমতি দেয়নি, তাই এ দিন বামেদের মিছিলেই যোগ দেয় তারা৷
শুক্রবার কলকাতায় বাম ছাত্র সংগঠনের মিছিলে আন্দোলনের নামে গুন্ডামি হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে কলকাতায় মিছিল করে এসএফআই , ডিওয়াইএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি৷ সেই মিছিলে যোগ দেন ককরোচ জনতা পার্টির সমর্থকরাও৷
মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর৷ পুলিশকে লক্ষ্য করে ইট, লাঠি, জুতো ছোড়ার পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীদেরও নিশানা করেন বিক্ষোভকারীরা৷ হামলায় আহত বেশ কয়েকজন সংবাদমাধ্যমের কর্মীকে পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়৷ রাতে তাঁদের দেখতে গিয়েই বামেদের মিছিল থেকে গুন্ডামি হয়েছে বলে অভিযোগ করেন ঋতব্রত৷ এ দিন আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও৷
ঋতব্রত বলেন, ‘যে লাঠিতে পতাকা লাগিয়ে এসেছিল, সেই লাঠিগুলো মারার জন্য এনেছে৷ এরা লুটেরা৷ আগামিকাল বিধানসভায় কথা বলবো৷ কঠোরতম শাস্তির দাবি জানবো৷ বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলব৷ এর পিছনে বড়সড় ছক আছে৷’
একই সঙ্গে সিপিএম নেতৃত্বকেও আক্রমণ করেছেন ঋতব্রত৷ বিরোধী দলনেতা বলেন, ‘জমায়েতের ক্রেডিট নেবেন আর এখন দায় এড়াবেন? সেলিম- সৃজনকে জবাব দিতে হবে৷’
নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করে আজ শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বামপন্থী ছাত্র সংগঠনগুলি৷ এই মিছিলে অংশ নিয়েছিল ককরোচ জনতা পার্টির সমর্থকরাও৷
যদিও মিছিল ধর্মতলা চত্বরে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ রানি রাসমণি রোডে অবস্থান বিক্ষোভ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ ব্যস্ত সময়ে রাস্তা পরিষ্কার রাখতে সেই অনুমতি দেয়নি পুলিশ৷ বিক্ষোভকারীদের পুলিশ বুঝিয়ে বলার চেষ্টা করার পরেও কাজ হয়নি৷ মিছিলকে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে জুতো, ইট, লাঠি উড়ে আসে৷ পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল৷ জল কামানও ব্যবহার করা হয়৷ শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রানি রাসমণি রোডেই জমায়েতের অনুমতি দেয় পুলিশ৷
মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগ করেছেন, উল্টোরথের দিন উত্তেজনা ছড়াতেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছে৷ আন্দোলনকারীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন,জমায়েত করুন, নিজেদের কথা বলুন৷ আজকে উল্টোরথ, কালকেও এই মিছিল করতে পারত৷ কিন্তু ইচ্ছা করে আজই করেছে৷ আমি পুলিশকে বলেছি, যা বলছে বলতে দিন৷ দেশবিরোধী স্লোগান হলে মার্ক করে অ্যাকশন নেবো৷ ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছে দেশ, তার পর ‘আজাদি’ ‘আজাদি’ করলে অ্যাকশন নেবো৷ যারা এ দিনের মিছিলে অশান্তি পাকিয়েছে, তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু৷
Kolkata,West Bengal
Jul 24, 2026 11:26 PM IST
