Last Updated:
সম্প্রতি ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেকের পার্টি অফিস ভাঙার কাজ শুরু হয়েছিল। সে প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন সাংসদ। সেখানেই তিনি হুমকির সুরে কথা বলেন বলে অভিযোগ। রাজীব সরকার তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, ডিজে মন্তব্য নিয়ে প্রথম অভিযোগ দায়ের করায় তিনি অভিষেকের ‘নিশানা’য় রয়েছেন।
অনুপ চক্রবর্তী, কলকাতা: মামলার চক্রব্যূহে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের বিরুদ্ধে নতুন FIR ৷ পার্টি অফিস ভাঙা নিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এবার মামলা রুজু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় FIR দায়ের হয়েছে ৷
দক্ষিণ ২৪ পরগনার আমতলার আপাত ছাপোষা এলাকায় কয়েকদিন আগে পর্যন্ত এক অট্টালিকা মাথা তুলে দাঁড়িয়েছিল। তৃণমূল জমানায় এই অট্টালিকা ছিল ক্ষমতার ভরকেন্দ্র। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস। ১৮ জুলাই এই পার্টি অফিসের একাংশ ভেঙে দেয় প্রশাসন। পার্টি অফিস ভাঙার পরে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘‘একতলা-দু’তলা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গেরুয়া ফেট্টি বেঁধে পার্টি অফিসে তাণ্ডব চালিয়েছে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। বিজেপির নেতারা যেন ভুলে না যান। ঈশ্বরের আশীর্বাদে যদি বেঁচে থাকি, যে আইনের যে ধারায় অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় একত্রিশে ফিরিয়ে দেব সুদ সমেত। কথা দিয়ে গেলাম ৷’’
অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে হুমকি দিয়েছেন অভিষেক। এ নিয়ে বৃহস্পতিবার রাতে বিধাননগর পুলিশের কাছে এফআইআর রুজু করেন রাজীব সরকার নামের এক ব্যক্তি। মামলায় একাধিক ধারা যুক্ত করা হয়েছে।
১৯২ নম্বর ধারায় বিভিন্ন সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো বা উসকানি দেওয়া
১৯৬ নম্বর ধারায় জাতীয় ঐক্য ও সংহতির বিরুদ্ধে মন্তব্য
১৯৮ নম্বর ধারায় শৃঙ্খলা নষ্ট করতে পারে এমন মন্তব্য
৩৫১-র ২ নম্বর ধারায় ভয় দেখানো
৩৫৩-র একের খ ধারায় গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার
৩৫৩-র একের গ ধারায় ভুল তথ্য প্রচার করে আতঙ্ক ছড়ানো
৫৯ নম্বর ধারায় কাউকে অপরাধ করতে উৎসাহ জোগানো
মামলাকারী রাজীব সরকার বলেন, ‘‘আমায় রাস্তায় ফেলে মেরে গিয়েছেন। বাগুইআটি থানায় অভিযোগ রয়েছে ৷ উনি একদিক থেকে রক্ষাকবচ নিচ্ছেন। আরেকদিক থেকে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন। রক্ষাকবচ পাওয়া অভিযুক্ত, তিনি ভুলে গিয়েছেন যে তিনি অভিযুক্ত। প্রচ্ছন্ন হুমকি আমারও আছে কারণ আমি প্রথম মামলা করেছিলাম। পিটিশনার হিসেবে আমি তো আমার নিরাপত্তা চাইব। মদন মিত্র নিজের ফেসবুকে স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ক্রিমিনাল। তাই তাঁকে আমরা সাক্ষী করতে চাইব ৷’’
এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মামলা। জুন মাসে দু’দিন ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বিধায়কদের সই জালিয়াতির অভিযোগের তদন্তে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও ইডির স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য তোলপাড় হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে। যে দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের তাবড় নেতা-মন্ত্রীদের। জেল যেতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেই মামলাতেই ইডির স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে চড়া সুর। মঞ্চে দাঁড়িয়ে ডায়লগ। ভোটের পরে সেই ডায়লগেই বিপাকে। ডিজে মন্তব্যের জেরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা। এই মামলায় কণ্ঠস্বরের নমুনাও দেন অভিষেক।
আমফানের ত্রাণ দুর্নীতিতেও নাম জড়িয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে ভূরি ভূরি অভিযোগ। এই সেবাশ্রয় নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার তালিকায় নয়া সংযোজন–পার্টি অফিস ভাঙা নিয়ে হুমকি।
Kolkata,West Bengal
