Last Updated:
Tapas Roy Firhad Hakim: শনিবার বিধানসভায় CAG -এর মোট ২৮টি রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর তারপরেই বিধানসভা শুরু হয়ে যায় এই নিয়ে শোরগোল!
কলকাতা: সিএজি-র রিপোর্ট পেশ হল রাজ্য বিধানসভায়। রাজ্য সরকার শনিবার বিধানসভায় CAG -এর মোট ২৮টি রিপোর্ট পেশ করেছে। CAG রিপোর্ট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পাশাপাশি গতকাল শুক্রবারের ককরোচ পার্টির মিছিলে সাংবাদিক নিগ্রহ ও সাম্প্রতিক সময়ে ‘সেবাশ্রয়’ শিবিরকে কেন্দ্র করে ওঠা বিতর্ক ও অভিযোগ নিয়েও এদিন বিধানসভায় কড়া বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
CAG পেশ করে মন্ত্রী বলেন, “এর জন্যে স্পেশাল সেশন হবে। সরকারের যা ত্রুটি তা সর্বজনীন ভাবে পেশ করা গুরুত্বপূর্ণ। এই রিপোর্ট দেখে বুঝতে পারবেন, বাংলা কেন আর্থিক ভাবে পিছিয়ে।” অন্যদিকে CAG এর ২৮টি রিপোর্ট দেখেই শিল্প মন্ত্রী তথা মানিকতলার বিধায়ক তাপস রায় রসিকতার ছলে ফিরহাদ হাকিমকে উদ্দেশ্যে বলেন, “কী করেছিস ববি?”
নওশাদ সিদ্দিকী বলেন, “CAG আরও বড় দূর্নীতি। ধীর গতিতে চলছে তৃণমূলের সর্বোচ্চ স্তরের ক্ষেত্রে। নানা দূর্নীতি আছে এর মধ্যে। ব্যবস্থা নিতেই হবে। সেবাশ্রয় নিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক। যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। অন্যথায় খালি হাউজে বলে লাভ হবে না। যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সই জাল কাণ্ডের মতো থেমে থাকলে হবে না।”
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে রাজ্যের আর্থিক লেনদেন, প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে প্রস্তুত হওয়া সিএজি-র রিপোর্টগুলি এতদিন প্রকাশ্যে আসেনি। এবার সেগুলি বিধানসভায় পেশ করা হল। পরবর্তী অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে। রিপোর্টে উল্লিখিত পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছে সরকার।
বিরোধী শিবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরকার ইতিমধ্যেই কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছে। যেখানে অনিয়মের প্রমাণ মিলবে, সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। সিএজি-র রিপোর্ট পেশ এবং সেবাশ্রয় বিতর্ক, এই দুই ইস্যুই শনিবারের বিধানসভা অধিবেশন সরব হয়। এই নিয়ে বিস্তারিত আলোচনা হলে শাসক বিরোধী তরজা যে চরমে পৌঁছবে, তা বলাই বাহুল্য। তবে এই আবহে ফিরহাদ-তাপসের মৃদু রসিকতার ছলে আজকের কথপোকথন অন্য মাত্রা এনে দিয়েছিল বিধানসভায়।
Kolkata,West Bengal
