Last Updated:
সম্পাদনার মতো গুরুত্বপূর্ণ কাজ সামলেছেন তিনি৷ তাঁর হাতের জাদুতে আরও সুন্দর হয়ে উঠেছে অটোগ্রাফ, হেমলক সোসাইটি, ২২ শে শ্রাবণ থেকে বলিউডের পিঙ্ক, রেড, লস্ট, হোমকামিং-এর মতো ছবি৷
কলকাতা: বহু বছর ধরেই বাংলা ও হিন্দি ছবিতে চুটিয়ে সম্পাদনা করছেন বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়। বাংলায় অটোগ্রাফ, হেমলক সোসাইটি, ২২ শে শ্রাবণ, মিশর রহস্য, নাটকের মতো, প্রলয়, অপুর পাঁচালী, জাতিস্মর সহ একাধিক ছবির সম্পাদক ছিলেন তিনি। ১০ বছর আগে কলকাতা ছেড়ে পাড়ি দেন মুম্বই । পিঙ্ক, রেড, লস্ট, হোমকামিং, মেট্রো ইন দিনোর মতো ছবি সম্পাদনা করেছেন। এ বার তিনি প্রথমবার পরিচালনায়। ছবির নাম মিল্টন। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও শ্রুতি দাস। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঐন্দ্রিলা বসু,আত্মদীপ ঘোষ ও অঙ্কিতা মাঝি।
এই ছবির প্রযোজনায় maverixx ( ম্যাভেরিকস) । এর আগে বিজ্ঞাপনের দুনিয়ায় এবং ওয়েবসিরিজে কাজ করলেও প্রথমবার বাংলা ছবির প্রযোজনার কাজ করছে তারা। ফাউন্ডার প্রান্তিক বসু, associate প্রোডিউসার- ঈশানী সেনগুপ্ত, অভ্রজিৎ সেন। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বোধাদিত্য স্বয়ং। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের নির্বাক ছবিতে যদি আকাশের গায়ে গানটির কথা ও সুর ছিল বোধাদিত্যের।
মিল্টন মূলত রোমান্টিক কমেডি। যদিও এই প্রজন্মের মতো করেই তৈরি করতে চেয়েছেন পরিচালক। একটি ভেন্ট্রিলকুইস্ট ডল বা কথা বলা পুতুলের চোখ দিয়েই দেখানো হবে পুরো গল্প, যে টাইম ট্রাভেল করে এসে পৌঁছয় কলকাতায়। প্রেমের সঙ্গেই মিশে আছে ফ্যান্টাসি, নস্টালজিয়া, রহস্য, রোমাঞ্চ । অর্জুন আর শ্রুতি এর আগে সৃজিতের x= প্রেম ছবিতে কাজ করলেও জুটি বাঁধছেন এই প্রথম। অর্জুনের চরিত্রের নাম কৃষ্ণেন্দু আর শ্রুতির চরিত্রের নাম বৃষ্টি।
Kolkata,West Bengal
Jul 23, 2026 11:28 AM IST
