Last Updated:
NEET-UG ২০২৬ প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। দিল্লি পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিক নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনও FIR প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হবে না।
NEET-UG ২০২৬ প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করা হবে বলে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছিল আগেই। একদিন পর রবিবার দিল্লি পুলিশ জানিয়েছে, এই বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনও FIR প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হবে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের তরফে লিখিত নির্দেশিকা ও বিস্তারিত গাইডলাইন হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপ করা হবে না। গত ২০ জুলাইয়ের বিক্ষোভে সংঘর্ষ এবং আন্দোলন-সংক্রান্ত অন্যান্য ঘটনার জেরে নয়াদিল্লি জেলার বিভিন্ন থানায় মোট ১৫টি FIR দায়ের করা হয়েছিল।
এই অবস্থান এমন সময় সামনে এল, যখন শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং NEET-UG ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগে আন্দোলনের নেতৃত্ব দেওয়া Cockroach Janta Party (CJP)-র প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফার বৈঠক করেন। তিনটে দাবিই মেনে নেওয়া হয় কেন্দ্রের তরফে, তারপরেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে ককরোচ জনতা পার্টি।
বৈঠক শেষে জেপি নাড্ডা ঘোষণা করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা নেওয়া হবে না, নতুন করে কোনও FIR দায়ের করা হবে না এবং ইতিমধ্যেই দায়ের হওয়া সমস্ত FIR প্রত্যাহার করা হবে। তিনি জানান, আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে লিখিত আশ্বাস দেওয়া হবে। পাশাপাশি প্রত্যাহার করা FIR-এর কপিও আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। কবে সেই এফআইআর প্রত্যাহার করা হয় তার-ই অপেক্ষায় সিজেপির আন্দোলনে অশান্তিতে জড়ানো অভিযুক্তরা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
