Last Updated:
রাজ্যে পালাবদলের পরই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দেয় নতুন সরকার। দুর্নীতিতে যুক্ত থাকলে কোনওভাবেই পার পাওয়া যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কাটমানি, দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন, সেজন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য। মঙ্গলবার এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ জানানোর জন্য চারটি টোল ফ্রি নম্বর জানানো হল।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: টোল ফ্রি নম্বরে ভুল ও মিথ্যে তথ্য প্রদানকারীদের ‘সাবধান’ করলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, ‘‘টোল ফ্রি নম্বর গুলিকে অপব্যবহার করবেন না। ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই নম্বর গুলি ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন। সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন। ভুল তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে।’’
অর্থাৎ সরকারকে নির্দিষ্ট টোল ফ্রি নম্বরগুলিতে ফোন করে যদি কেউ মিথ্যে ও ভুল তথ্য সরবরাহ করে, তার বিরুদ্ধে আইনে যা বলা রয়েছে, সেই পথেই যে হাঁটবে তাঁর সরকার বলেও সাফ বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
যে কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ‘জিরো টলারেন্স’ নীতি রাজ্য সরকারের। বারবারই একথা স্পষ্টভাবে বলেন মুখ্যমন্ত্রী। এবার সিন্ডিকেট রাজ থেকে কাটমানি, অবৈধ রোড ট্যাক্স থেকে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার হেল্প লাইন নম্বর শুরু করল।

সিন্ডিকেট রাজের বিরুদ্ধে অভিযোগ জানানোর নম্বর – *155335
*
কাটমানি সম্পর্কিত অভিযোগ জানানোর নম্বর- *155334
*
অবৈধ রোড ট্যাক্স সম্পর্কিত অভিযোগ জানানোর নম্বর- *155337
*
বেআইনি চোলাই মদ সংক্রান্ত অভিযোগ জানানোর নম্বর- *155339*
ইতিমধ্যেই চারটি টোল ফ্রি নম্বর ঘোষণা করা হয়েছে। নবান্নতে মঙ্গলবার এই সংক্রান্ত কন্ট্রোল রুমের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন কন্ট্রোল রুম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বিগত সরকারের সময় রাজ্য জুড়ে বদনাম হয়েছে। সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত রাজ্যবাসী অভিযোগ করতে পারবেন।’’
Kolkata,West Bengal
