Last Updated:
গত মে মাসে সরকার সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের অনুমোদন দেয়। এরপরে, ২২শে জুলাই প্রাক্তন কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব অতনু চক্রবর্তীর নেতৃত্বে চার সদস্যের কমিশনটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে তার সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা: রাজ্যের সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান পদে গুরুত্বপূর্ণ পরিবর্তন করল পশ্চিমবঙ্গ সরকার। প্রাক্তন আইএএস অফিসার অতনু চক্রবর্তীর পরিবর্তে রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব নবীন প্রকাশকে সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। এই মর্মে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর।
উল্লেখ্য, গত ২২ জুলাই অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রাক্তন আইএএস অফিসার অতনু চক্রবর্তীকে সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে সেই সিদ্ধান্তে পরিবর্তন এনে এবার নবীন প্রকাশের হাতে কমিশনের দায়িত্ব তুলে দিল রাজ্য সরকার। এই পরিবর্তনের কারণ এখনও সরকারিভাবে জানানো হয়নি।সপ্তম বেতন কমিশনের সুপারিশের দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা।
রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, চলতি অর্থবর্ষের মধ্যেই সপ্তম রাজ্য বেতন কমিশন কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য। সরকার এও স্পষ্ট করেছে, কেন্দ্রীয় ও রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিএ) ব্যবধান কমানোর জন্য তা পর্যায়ক্রমে বাড়ানো হবে। একইসঙ্গে বকেয়া ডিএ পরিশোধের আশ্বাসও দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২১শে জুলাই একটি অনুষ্ঠানে জানান যে, সপ্তম বেতন কমিশনের কার্যপরিধি (টিওআর) প্রস্তুত করা হয়েছে। সরকার চলতি অর্থবর্ষের মধ্যেই সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের লক্ষ্য রাখছে। এই সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ রাজ্য কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।
মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, সরকার একবারে বড় অঙ্কের মহার্ঘ ভাতা (ডিএ) না বাড়িয়ে, ধীরে ধীরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই ব্যবধান কমাবে। তিনি বলেন, সরকার হিসাব-নিকাশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে এবং কেন্দ্র ও রাজ্য ডিএ-র মধ্যে ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনবে। উল্লেখ্য যে, গত মাসে রাজ্য সরকার প্রথম রাজ্য বাজেটে মূল বেতনের ৩৮% মহার্ঘ ভাতা ২০% বৃদ্ধি ঘোষণা করেছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
