Last Updated:
Nepal Flash Flood: এক্স হ্যান্ডেলে পোস্ট করে জয়শঙ্কর লেখেন, “ভারতের চতুর্থ বিমানটি কাঠমান্ডুতে অবতরণ করেছে। নেপালে চলতে থাকা উদ্ধার ও ত্রাণ অভিযানে সাহায্যের জন্য ওই বিমানে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং প্রযুক্তিগত সরঞ্জাম পাঠানো হয়েছে।”
কাঠমাণ্ডু: ভিডিওটা অনেকখানি জুম করে তোলা৷ ছেঁড়া ছেঁড়া মেঘের মাঝখান থেকে দেখা দিচ্ছে তুষারাবৃত পর্বত৷ তার পাদদেশের শেষে ঝুলন্ত গ্লেসিয়ার৷ সেখান থেকে ভেঙে পড়ল একটা ‘ছোট্ট’ বরফের চাঁই৷ হিমালয়ের কাছে ছোট্ট, তুচ্ছ, কিন্তু আমাদের কাছে সেটাই বিরাট প্রলয়ের নেপথ্য কারণ৷ নেপালের ভয়ঙ্কর হড়পা বানের পরে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে একাধিক ভয়ঙ্কর ভিডিও৷ তার মধ্যে বেশিরভাগটাই হয়ত আসল ফুটেজ, তবে তারই মাঝে লুকিয়ে রয়েছে এআই নির্মিত ভিডিয়োও৷ এবার যে ভিডিও সামনে এসেছে, তা একেবারে ‘ভেরিফায়েড’৷ সেখানে দেখা গিয়েছে, কীভাবে হিমবাহ থেকে ভেঙে পড়া বরফের বিশাল চাঁই নিম্ন উপত্যকায় ধস নামিয়ে প্রাকতৃতিক বাঁধ তৈরি করেছে৷ তার ওপাড়ে জমতে শুরু করেছে হিমবাহ থেকে ঝরনার মতো নেমে আসা জল৷ তৈরি হয়েছে ‘লেক’, ‘বেরিয়ার লেক’৷ তারপরে, একসময় জলের চাপে বেরিয়ার লেক ফেটে যেতেই হুড়মুড়িয়ে নেমে এসেছে ‘ওয়াল অফ ওয়াটার’৷
