কলকাতা: ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)-র ঘরে গিয়ে, হাতে গুরুতর চোট, সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা (Durnibar Saha)-র। ৩ সপ্তাহ ধরে টেলিভিশন চ্যানেলে চলছে এই জনপ্রিয় শো। আর শো যতই এগোচ্ছে, লাফিয়ে লাফিয়ে বেড়েছে তার জনপ্রিয়তা। সঙ্গীতের জগৎ থেকে শুরু করে অভিনয়, খেলার ময়দান থেকে শুরু করে ব্যবসার জগৎ, কনটেন্ট ক্রিয়েসন… বিভিন্ন ক্ষেত্র থেকেই এই শো-তে অংশ নিতে এসেছেন প্রতিযোগীরা। আর তাঁদের মধ্যেই অন্যতম জনপ্রিয় নাম হলেন, দুর্নিবার সাহা। তিনি জনপ্রিয় সঙ্গীতশিল্পী। বিগ বসের ঘরে, হামেশাই শোনা যায় তাঁর সুরেলা গলা। এমনকি বিগ বসের ঘরে, কোনও গান গাওয়ার টাস্ক থাকলেও, সেটা দুর্নিবারকেই দেওয়া হয়। তবে এবার, একটি টাস্ক করতে গিয়ে, হাতে চোট পেলেন দুর্নিবার।
কোন টাস্ক করতে গিয়ে দুর্ঘটনা?
এদিন বিগ বসের ঘরে প্রতিযোগীদের একটি টাস্ক দেওয়া হয়েছিল। ২টি দলে ভাগ করে দেওয়া হয়েছিল প্রতিযোগীদের। এটি ছিল, ক্যাপ্টেন্সি টাস্ক। যাঁরা এই সপ্তাহে নমিনেটেড রয়েছেন, তাঁদের কাজ ছিল, টাকা চুরি থেকে ডাকাতদের আটকাতে হবে। আর যাঁরা এই সপ্তাহে নমিনেটেড ছিলেন না, ক্যাপ্টেন্সি টাস্কে লড়বেন তাঁরা। তাঁদের কাজ টাকা চুরি করা এবং সেগুলিকে লুকিয়ে রাখা। যে ৩ জনের কাছে সবচেয়ে বেশি টাকা থাকবে, তাঁরা চলে যাবেন টাস্কের পরের ধাপে। এই ধাপে একটি মুকুট চুরি করতে হবে। আর যাঁর কাছে শেষমেষ মুকুটটি থাকবে, তিনিই হবেন এই টাস্কের বিজেতা। এই টাস্কটি শেষ করে, মুকুট অধিকার করেন, বিগ বসের ঘরের প্রতিযোগী, সোনামণি সাহা (Sonamoni Saha)। সেই অনুযায়ী, তিনিই এই সপ্তাহের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। তবে এই টাস্ক করতে গিয়েই, বিপত্তি হয় দুর্নিবারের।
কীভাবে চোট লাগল দুর্নিবারের?
এই সপ্তাহে দুর্নিবার নমিনেটেড ছিলেন। ফলে তাঁর দায়িত্ব ছিল, ডাকাতদের আটকানো। টাস্কের সময়ে, রাজবীরকে টাকা নেওয়া থেকে আটকাতে গিয়ে, দুর্নিবারের বাঁ হাতে চোট লাগে। টাস্কের শেষে তিনি যখন অ্যালেক্সের সঙ্গে কথা বলছিলেন, সেই সময়ে তাঁকে হাতে আইস প্যাক দিয়ে সেঁক দিতেও দেখা যায়। এর পরবর্তী সময়ে দেখা যায়, দুর্নিবার হাতে একটি ব্যান্ডেজ বেঁধে বসে রয়েছেন। পরেরদিনের টাস্কেও কোনও ভারি কাজ থেকে বিরত রাখা হয় দুর্নিবারকে। অনুরাগীরা দুর্নিবারের হাতে এই প্লাস্টার ও চোট দেখে উদ্বিগ্ন হয়েছেন। তাঁরা প্রত্যাশা করছেন যে, সঙ্গীতশিল্পীর চোট ততটা গুরুতর যাতে না হয়.. কারণ বিগ বসের সফর এই তো শুরু।
আরও পড়ুন: West Bengal Live Blog:জল্পনার অবসান, জোড়াফুল প্রতীক ফ্রিজ করল কমিশন! বেছে নিতে বলা হল ২টি নতুন নাম
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল