চলে গেলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। যশরাজ ফিল্মসের তরফে একটি বিবৃতি দিয়ে শোক প্রকাশ করা হয়েছে। তবে কী ভাবে তাঁর মৃত্যু, তা এখনও জানা যায়নি।
যশরাজ ফিল্মসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মানুষের ভালবাসা,প্রার্থনা,পাশে দাঁড়ানোয় আমরা কৃতজ্ঞ। শোকের এই সময়ে পরিবারের সদস্যদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করা হয়েছে।
রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে তাঁর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেই দেখা যেত। মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোরও মধ্যমণি ছিলেন তিনি। মা – মেয়ের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর, আন্তরিক। মা – মেয়ে , উভয়ের সাক্ষাৎকারেই বারবার প্রকাশ পেয়েছে সেই সম্পর্কের গভীরতা। বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা মুখোপাধ্যায়। প্লেব্যাক সঙ্গীতশিল্পী হিসেবেও কাজ করেছেন।
রানি মুখোপাধ্যায়ের অভিনয় জীবনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর মায়ের। কৃষ্ণা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর শোকের মধ্যে রয়েছেন রানি ও তাঁর পরিবার। এই সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর বজায় রাখার জন্য সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে যশরাজের তরফে ।