কলকাতা: ফেলুদার তোপসে এবার দেবদাস! সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) যাঁকে কল্পনা করেছিলেন তোপসে হিসেবে, সেই কল্পন মিত্র (Kalpan Mitra)-ই এবার দেবদাস! পুজোয় মুক্তি পাচ্ছে, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor vs Sarat Chandra)। আর এই ছবিতে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যে, চন্দ্রমুখীর ভূমিকায় দেখা যাবে, কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)-কে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠেছিল যে, কে হচ্ছেন দেবদাস? এবার প্রকাশ্যে এল সেই খবর ও। দেবদাসের ভূমিকায় দেখা যাবে কল্পন মিত্রকে। কল্পন এর আগে সৃজিতের সঙ্গে কাজ করেছেন, ‘ফেলুদা’ -সিরিজে। তোপসের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। আর এবার, দেবদাসের চরিত্রে দেখা যাবে তাঁকে।
কৌশানী চন্দ্রমুখী, দেবদাসের চরিত্রে সৃজিতের ‘তোপসে’
সাহিত্যের পাতা ছাড়িয়ে, বহু আগেই ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ‘দেবদাস’। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন ভাষায়, বিভিন্ন সময়ে বড়পর্দায় ফিরে এসেছে এই চরিত্র। এবার সৃজিত মুখোপাধ্যায়ের নিজস্ব সাহিত্যিক ও ঐতিহাসিক ক্যানভাসে ‘দেবদাস’ হয়ে আসছেন কল্পন মিত্র। তবে দেবদাস–চন্দ্রমুখীর এই যোগসূত্র ছবির ক্যানভাসের একটা অংশ, গোটা ছবি এই নিয়ে নয়, এমনটাই জানিয়েছেন নির্মাতারা। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ -এর পরিসর জুড়ে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন, তাঁর সময়, তাঁর সাহিত্য এবং তাঁর বৈপ্লবিক চিন্তাধারা, এই সমস্ত কিছু মিলিয়েই তৈরি হবে সৃজিতের নতুন সিনেমা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং নন্দী মুভিজ প্রযোজিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ -এর আখ্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈপ্লবিক উপন্যাস ‘পথের দাবী’। দেবদাস হিসেবে কল্পন আর চন্দ্রমুখী হিসেবে কৌশানীর সমীকরণ এখন দেখার অপেক্ষায় দর্শক।
প্রদীপ কুমার নন্দী প্রযোজিত এবং Nandy Movies-এর ব্যানারে নির্মিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ -তে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ এবং কাঞ্চন মল্লিক। তাঁদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকছেন কৌশানী মুখোপাধ্যায়, চন্দ্রমুখীর চরিত্রে। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই ছবির হাত ধরেই তিনি সঙ্গীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। চিত্রগ্রহণের দায়িত্বে ইন্দ্রনাথ মারিক, ব্যাকগ্রাউন্ড স্কোর ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং মেকআপের দায়িত্বে সোমনাথ কুণ্ডু।