Last Updated:
জার্মানির কোলনে রেস্তরাঁর বাইরে ১৬ বছরের এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে আয়রন ম্যানের মতো দেখতে একটি হিউম্যানয়েড রোবটের বিরুদ্ধে। রোবটটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জার্মানির কোলনে রবিবার এক অদ্ভুত ঘটনা ঘটেছে। অভিযোগ, একটি হিউম্যানয়েড রোবট একটি রেস্তরাঁর বাইরে ১৬ বছরের এক কিশোরীকে যৌন হেনস্থা করেছে। এই ঘটনায় পদক্ষেপ করেছে পুলিশ।
অভিযোগ, ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইভস্ট্রিম করা হয়েছিল। সেই ফুটেজে দেখা গিয়েছে, রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালিত একটি রোবট রাস্তার মাঝখানে ওই কিশোরীকে স্পর্শ করছে।
মার্ভেল কমিকসের ‘আয়রন ম্যান’-এর মতো দেখতে রোবটটি ওই কিশোরীর নিতম্বে হাত দেয় এবং অশালীন ভঙ্গি করে বলে অভিযোগ। কোলন পুলিশের তরফে একটি বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
কোলন পুলিশের এক মুখপাত্র বলেন, “অভিযোগ, যন্ত্রটি ১৬ বছরের এক কিশোরীর নিতম্বে স্পর্শ করে এবং অশালীন ভঙ্গি করে।”
অভিযোগ, ওই কিশোরী তাঁর বন্ধুদের সঙ্গে একটি ফাস্ট ফুড রেস্তরাঁর বাইরে দাঁড়িয়েছিলেন। সেই সময় প্রায় ১.২ মিটার উচ্চতার একটি লাল ও সোনালি রঙের রোবট পিছন দিক থেকে তাঁর কাছে এগিয়ে আসে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে অভিযুক্তদের ব্যবহৃত একটি গাড়ির ডিকির ভিতরে রোবটটিকে পাওয়া যায় বলে জানা গিয়েছে।
