Last Updated:
Pakistani TV Anchor Shot Dead: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে খুন টেলিভিশন সঞ্চালিকা রাবিয়া আহসান। ঘটনায় তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।
পাকিস্তানের নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে খুন জনপ্রিয় টিভি সঞ্চালিকার৷ রাওয়ালপিণ্ডিতে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর ও অনুষ্ঠান সঞ্চালিকা রাবিয়া আহসানের দেহ৷ এই ঘটনায় তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে সন্দেহভাজন আগ্নেয়াস্ত্র। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকার নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায় রাবিয়া আহসানকে। তিনি স্থানীয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অ্যাঙ্কর এবং অনুষ্ঠান সঞ্চালিকা হিসেবে কাজ করতেন।
সিটি পুলিশ অফিসার হাসান মুশতাক সুকেরা স্বামীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যেই পুলিশ আধিকারিক এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরীক্ষা করেছেন।
পুলিশের দাবি, বাড়ির এক পুরুষ পরিচারক তদন্তকারীদের জানিয়েছেন, রাবিয়ার স্বামী দাবি করেছিলেন, অসাবধানতাবশত গুলি চলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কীভাবে গুলি চলল এবং মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির একাধিক দল বাড়ি থেকে নমুনা ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করছে। রাবিয়ার দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ। তদন্তের প্রতিটি দিক খতিয়ে দেখে নিরপেক্ষভাবে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে, রাবিয়া আহসানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে তিনি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
পাকিস্তানের প্রেসিডেন্সির তরফে প্রকাশিত বিবৃতিতে আসিফা ভুট্টো-জারদারি একই মহানগর এলাকায় আরও এক পেশাদার মহিলার হত্যাকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করেছেন। তাঁর কথায়, একই শহরে একের পর এক কর্মরত মহিলার হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, গত অগস্টে রাওয়ালপিন্ডিতে নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৪৫ বছর বয়সি ডিজিটাল মিডিয়া এগজিকিউটিভ হিনা জাভেদের দেহ। তাঁর শরীরে অত্যাচারের চিহ্ন ছিল বলে জানা যায়। সেই ঘটনার তদন্তের ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি বলেও উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি।
পরপর দুই পেশাদার মহিলার রহস্যমৃত্যুতে রাওয়ালপিন্ডিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাবিয়া আহসানের মৃত্যুর পিছনে প্রকৃত কারণ কী, তা জানতে এখন তদন্তের দিকেই তাকিয়ে সকলে
