Last Updated:
আমেরিকার হোয়াইট হাউসের কাছে পর পর দু’টি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল মার্কিন সিক্রেট সার্ভিস। একটি গাড়ি ব্যারিকেডে ধাক্কা মারার পাশাপাশি অন্য এক ব্যক্তি নিরাপত্তার ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করেন। ঘটনার জেরে সাময়িক লকডাউন করা হয় হোয়াইট হাউস।
আমেরিকা: আমেরিকার হোয়াইট হাউসের কাছে পর পর দু’টি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গ্রেফতার করা হল দু’জনকে। সোমবার ল্যাফায়েট স্কোয়্যার পার্কের কাছে পৃথক দু’টি ঘটনায় তাঁদের গ্রেফতার করে মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা। ঘটনার জেরে সাময়িক ভাবে লকডাউন করা হয় হোয়াইট হাউস।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, পার্কের কাছে একটি গাড়ি নিরাপত্তার ব্যারিকেডে ধাক্কা মারে। গাড়িটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতেও দেখা যায়। সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, প্রথম ঘটনাটি ঘটে সোমবার সকাল ১০টার কিছু আগে। ১৬ নম্বর স্ট্রিট এবং এইচ স্ট্রিট এনডব্লিউ-এর সংযোগস্থলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায় গাড়িটি। এরপর গাড়ির চালক নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। দ্রুত তাঁকে গ্রেফতার করা হয়।
প্রথম ঘটনার কাছাকাছি সময়েই ঘটে দ্বিতীয় ঘটনাটি। পার্কের উত্তর-পশ্চিম কোণের কাছে নিরাপত্তার ব্যারিকেড টপকে ঢুকে পড়েন আরও এক ব্যক্তি। তাঁকেও দ্রুত গ্রেফতার করেন নিরাপত্তারক্ষীরা।
দু’টি ঘটনাই বর্তমানে তদন্তাধীন বলে জানিয়েছে প্রশাসন। তবে পর পর এই দুই ঘটনায় হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাময়িক সতর্কতা জারি করা হয়।
