Last Updated:
Suvendu Adhikari: সোমবার ৪ মে চলছে বঙ্গ ভোটের ফল গণনা৷ রাজ্যে ফলাফলের ট্রেন্ড অনুযায়ী, বাংলায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত স্পষ্ট৷ বিশেষত, গোটা রাজ্যের নজর রয়েছে ভবানীপুর কেন্দ্রে৷ এই কেন্দ্রে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী৷
কাঁথি, মদন মাইতি: সোমবার ৪ মে চলছে বঙ্গ ভোটের ফল গণনা৷ রাজ্যে ফলাফলের ট্রেন্ড অনুযায়ী, বাংলায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত স্পষ্ট৷ বিশেষত, গোটা রাজ্যের নজর রয়েছে ভবানীপুর কেন্দ্রে৷ এই কেন্দ্রে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী৷ ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও প্রার্থী শুভেন্দু৷ নন্দীগ্রামে ইতিমধ্যেই জয় হাসিল করেছেন শুভেন্দু৷ ভবানীপুরে জোর টক্কর৷
পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র রাজ্য রাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচ্য নাম৷ কিন্তু কেমন ছিল শুভেন্দুর ছোটবেলা? ছেলের সাফল্যের দিনে তাঁর ছোটবেলার কথা বললেন বাবা শিশির অধিকারী৷ লোকাল ১৮ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারীর ছোটোবেলা প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, “আমরা জানতাম সাধু হয়ে যাবে”৷
ছোটবেলা থেকেই তাঁর মধ্যে ছিল আধ্যাত্মিক প্রবণতা। বিশেষ করে শনিবার হলেই তিনি চলে যেতেন রামকৃষ্ণ মিশনে। শিশির অধিকারী বলেন, বাড়িতে ব্যবসা থাকায় প্রচুর খুচরো পয়সা থাকতো। সেগুলো ব্যাঙ্কে যেত না। একটি বড় রুমালে যত খুচরো টাকা থাকত, তা নিয়েই তিনি রামকৃষ্ণ মিশনে চলে যেতেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন। কিন্তু শুভেন্দু ছোটবেলায় পড়াশোনায় কেমন ছিলেন? শিশির অধিকারী জানান, পড়াশোনায় তিনি সবসময়ই ভাল ছিলেন। যদিও খেলাধুলার প্রতি তেমন আগ্রহ ছিল না। মাঠের চেয়ে রাজনীতির প্রতি আকর্ষণ ছিল বেশি। ছোটবেলা থেকেই রাজনৈতিক চেতনা তৈরি হয়েছিল তাঁর মধ্যে। যা পরবর্তীতে তাঁকে রাজনীতির মূল স্রোতে নিয়ে আসে।
তবে ব্যক্তিগত জীবনে একটি বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে মতভেদ ছিল। একটা সময় শিশির অধিকারী শুভেন্দুর ওপর রেগে গিয়েছিলেন। শিশির অধিকারী বলেন, “ও বিয়ে করবে না তাই আমি একটা সময় রাগারাগি করছিলাম।” রাজনৈতিক কারণেই শুভেন্দুর বিয়ে না করাই কারণ হিসেবে শিশির অধিকারী জানান। সব মিলিয়ে, ছোটবেলা থেকেই আলাদা স্বভাবের ছিলেন শুভেন্দু। আধ্যাত্মিক ঝোঁক, পড়াশোনায় দক্ষতা আর রাজনীতির প্রতি আগ্রহ—এই তিনেই গড়ে ওঠে তাঁর ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে বিয়ে না করার সিদ্ধান্তও সেই রাজনৈতিক পথকেই আরও স্পষ্ট করেছে।
Kolkata,West Bengal