Last Updated:
Narendra Modi: এদিন নরেন্দ্র মোদিকে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক ধুতি-পাঞ্জাবিতে দেখতে পাওয়া গেল।
নয়াদিল্লি: বাংলায় বিজেপির বিপুল জয়ের পরেই রাজধানীতে বিজেপির সদর দফতরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আজ থেকে বাংলার ভবিষ্যতের এমন একটি যাত্রা শুরু হচ্ছে যেখানে বিকাশ, অটুট বিশ্বাস এবং নতুন উদ্যম পায়ে পায়ে চলবে। আমি আজ সব বাংলাবাসীকে ভরসা দিচ্ছি, বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিজেপি দিন রাত এক করে দেবে।’
মোদি গ্যারান্টির কথা মনে করিয়ে বলেন, ‘বাংলায় মহিলারা সুরক্ষা পাবেন। যুবারা কাজ পাবেন। প্রথম ক্যাবিনেটেই আয়ুষ্মান ভারত যোজনাকে সবুজ সংকেত দেখানো হবে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আমরা আজ গুরুদেব ঠাকুরকেও মনে করছি। ২৫ শে বৈশাখ, ৯ মে খুব বেশি দূরে নয়। সেদিনই রবি ঠাকুরের মতাদর্শে চলার সূত্রপাত’, ইঙ্গিতপূর্ণ বক্তব্য মোদির।
সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘বাংলায় এক নতুন অধ্যায়ের সূচনা হল। বাংলার মানুষ বিজেপিকে কাজ করার সুযোগ করে দিয়েছে। আজ থেকে বাংলা ভয়মুক্ত হল। এই জয় আমি বাংলার জনগণকে উৎসর্গ করতে চাই। ঘড়ির কাঁটায় এখন সময়টা সন্ধ্যাবেলা হলেও, বাংলায় কিন্তু এক নয়া ভোরের সূচনা হল। এমন একটা ভোরের স্বপ্ন প্রজন্মের পর প্রজন্ম দেখেছে। এটা শুধুমাত্র বিজেপির জয় না। এটা আসলে হিংসার রাজনীতিকে শিকড় থেকে উপরে ফেলেছে।’
মৈত্রেয়ী ভট্টাচার্য
Kolkata,West Bengal
