কলকাতা : জল্পনা ছিলই। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এবং পরে ঘোষণা করা ছিল সময়ের অপেক্ষা। সেইমতো পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এদিন দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে একথা জানিয়ে দিলেন অমিত শাহ। দলীয় বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়ার কথা পরে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন তিনি। কাল ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ স্বয়ং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-সহ গেরুয়া শিবিরি আরও অনেক নামী-দামি ব্যক্তি।

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে তাঁর ওপর অনেক ভরসা করছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছিল যখন তাঁকে ভবানীপুরে টিকিট দিয়েছিল দল। কারণ, এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী। অর্থাৎ, এরকম একটা হেভিওয়েট সিটে যে দল তাদের সবথেকে নির্ভরশীল কাউকে দাঁড় করাবে সেটাই স্বাভাবিক। বিজেপি নেতৃত্বের সেই ভরসার মান রেখেছেন শুভেন্দু। ভবানীপুর কেন্দ্র থেকে পরাস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১৫ হাজার ১০৫ ভোটে হারিয়েছেন তাঁকে। শুধু তা-ই নয়, গতবার নন্দীগ্রাম আসনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন তিনি। এবার আর পূর্ব মেদিনীপুরে অন্যতম প্রখ্যাত জনপদে তৃণমূলনেত্রী ভোটে না দাঁড়ালেও, ভোটের একেবারে মুখে বিজেপি থেকে তৃণমূলে আসা পবিত্র করকে টিকিট দিয়েছিল ঘাসফুল শিবির। সেই চ্যালেঞ্জও গ্রহণ করেছেন শুভেন্দু। সেখানেও বাজিমাত করেছেন তিনি। তারপর থেকেই গোটা রাজ্যজুড়ে জল্পনা আরও বেড়ে যায় যে, শুভেন্দু অধিকারীই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। সময়ে সেই ছবি পরিষ্কার হয়ে যাবে।

দেখুন সরাসরি ; ’শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’ : অমিত শাহ

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিতে কার নেতৃত্বে বিজেপি পরিচালিত সরকার চলবে তা ঠিক করতে আগেই আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল থেকে এই খবর সামনে আসে সূত্র মারফৎ। এরপর আজ বেলা ১১টার কিছু পরে কলকাতায় পৌঁছে যান শাহ। সকালে কলকাতায় পৌঁছেই দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দিতে চলে যান তিনি। সেখান থেকে নিউটাউনের হোটেলে গিয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নেন। সেই বৈঠক শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যরা উপস্থিত ছিলেন। এরপর নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দলের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন শাহ। পরে এই বৈঠক প্রসঙ্গে শাহ বলেন, ‘শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি। পরিষদীয় দলের নেতা হিসেবে তাই শুভেন্দু অধিকারীই নির্বাচিত।'