Last Updated:
Suvendu Adhikari New CM of West Bengal: ‘একমাত্র নাম শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় কোনও নামই আসেনি’, ঘোষণা অমিত শাহের
কলকাতা: জল্পনাই সত্যি হল। শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী।
শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদলের সঙ্গে বৈঠকের পর অমিত শাহ বলেন, ”পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।”
শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে। যে কোনও রাজ্যে নির্বাচনের পর বিধানসভার পরিষদীয় দলনেতা বাছাইয়ের সময় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সেই রাজ্যে পাঠান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এ বার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধান পর্যবেক্ষক করা হয়েছিল শাহকে। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পেয়েছিলেন পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাঁদের তত্ত্বাবধানে শুক্রবার বিকেলে নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হবু বিধায়কদের বৈঠক হয়।
পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর নাম ঘোষণার পর তাঁর হাত পদ্মফুল তুলে দিয়েও সংবর্ধনা জানান অমিত শাহ৷ ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেডে় বিজেপি-তে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেও রাজ্যে পরাজিত হয় বিজেপি৷ কিন্তু ২০২১ সালে নন্দীগ্রামে জয়ের পাশাপাশি ফের ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন তিনি৷ তার পর থেকে শুভেন্দু অধিকারীর নামই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছিল৷
সুস্মিতা মণ্ডল
Kolkata,West Bengal
