Last Updated:
West Bengal CM: ১৯৭১ এর পর এই প্রথম! মেদিনীপুরের সংগ্রামের মাটিতে নতুন পালক জুড়ল। দীর্ঘ প্রায় ৫৬ বছর পর বাংলার মসনদ পরিচালিত হবে জেলা থেকে।
তমলুক: অবিভক্ত মেদিনীপুর তথা পূর্ব মেদিনীপুর বরাবরই সংগ্রামের মাটি। সেই সংগ্রামের জেলার মাথার মুকুটে নতুন পালক যোগ হল। তার একটাই কারণ শুভেন্দু অধিকারী। ২০২৬ এ রাজ্যে পরিবর্তনে বিজেপি সরকার গঠন করতে চলেছে। শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন ৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। এই ঘোষণা হওয়ার পর সারা বাংলা তথা মেদিনীপুরের জুড়ে খুশির উচ্ছ্বাস। কারণ দীর্ঘ ৫৬ বছর পর আবারও বাংলার মসনদ পরিচালিত হবে মেদিনীপুরের মাটি থেকে, বলা ভাল পূর্ব মেদিনীপুর জেলার মাটি থেকে।
বিভিন্ন রাজনৈতিক সভার ভাষণে যাঁদের প্রণম্য মনে করতেন শুভেন্দু অধিকারী, তাঁদের মধ্যে অন্যতম হলেন অজয় মুখোপাধ্যায়। এই অজয় মুখোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনবার শাসনকাল চালিয়েছিলেন। যদিও প্রতিবার তিনি অল্প সময়ের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ১৯৭১ সালে শেষবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শাসনভার চালিয়েছিলেন অজয় মুখোপাধ্যায়। তারপর রাজ্যের শাসনভার ছিল কলকাতা কেন্দ্রিক।
সিদ্ধার্থ শংকর রায় থেকে জ্যোতি বসু। জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য। আবার বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে সদ্য প্রাক্তন হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সবারই রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কলকাতা থেকে। অজয় মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তিনি পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের বাসিন্দা ছিলেন। তাঁর বেড়ে ওঠা স্কুল জীবন এবং স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনীতি ছিল সমস্তটাই জেলা কেন্দ্রিক। রাজ্য রাজনীতিতে অজয় মুখোপাধ্যায়ের পর শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান সেই পূর্ব মেদিনীপুর জেলা থেকেই। পূর্ব মেদিনীপুর জেলার মাটি থেকেই রাজনৈতিক সংগ্রামে উঠে এসেছেন। ফলে স্বাভাবিকভাবে এই সংগ্রামের মাটি আবারও পেল রাজ্য শাসনের ভার।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই এক প্রকার উচ্ছ্বাসে ভাসছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা তথা আইনজীবী সুলগ্না ভট্টাচার্য জানান, “অজয় মুখোপাধ্যায়ের পর জেলার মানুষ হিসাবে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। তা নিঃসন্দেহে গর্বের বিষয়।” তমলুক হ্যামিলটন স্কুলের সহকারী শিক্ষক অপূর্ব মিশ্র বলেন, ” ১৯৭১ সালে শেষবার বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে জেলার প্রান্তিক মানুষ অজয় মুখোপাধ্যায় শপথ নিয়েছিলেন। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী যত জন হয়েছেন সবাই কলকাতার। তাই কার্যত অজয় মুখোপাধ্যায়ের পর এই প্রথম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। আর তাতেই সংগ্রামের মাটিতে নতুন পালক জুড়ল।” স্বভাবতই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি জেলা সাধারণ বাসিন্দারাও খুশির আবহে ভাসছে।
সৈকত শী