Last Updated:
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শনিবারই শপথ নেবেন শুভেন্দু অধিকারী৷ আজ শুভেন্দুকেই পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিয়েছেন বিজেপি-র জয়ী বিধায়করা৷
একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে প্রথমসারিতেই নাম ছিল শুভেন্দু অধিকারীর৷ নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে সাংসদ হিসেবে দিল্লিতে দায়িত্ব পালন, পরে রাজ্যের পরিবহণ, সেচ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন৷ তৃণমূল আমলে একাধিক গুরুদায়িত্ব পালন করেছেন শুভেন্দু অধিকারী৷ আবার তৃণমূলের সংগঠনেও পূর্ব মেদিনীপুর ছাড়াও একাধিক জেলার সংগঠন দেখার ভারও ছিল শুভেন্দুর উপরে৷
একসময়ের সেই আস্থাভাজন শুভেন্দু অধিকারীই যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন, ২০২০ সালের ডিসেম্বর মাসের আগে অনেকেই হয়তো তা কল্পনা করতে পারেননি৷ কিন্তু রাজনীতিতে সবই সম্ভব৷ তাই শুধু প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসাই নয়৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে পর পর দু বার বিধানসভা নির্বাচনে পরাজিত করে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর চেয়ারও দখল করে নিলেন শুভেন্দু অধিকারী৷
নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় থেকেই মমতার আস্থাভাজন হয়ে উঠেছিলেন শুভেন্দু৷ ২০০৯ এবং ২০১৪ সালে তমলুক লোকসভা কেন্দ্র থেকে পর পর দু বার জয়ী হন শুভেন্দু অধিকারী৷ কিন্তু আস্থাভাজন এবং প্রশাসনিক দক্ষতার কারণেই শুভেন্দুকে নন্দীগ্রাম থেকেই ভোটে জিতিয়ে রাজ্য মন্ত্রিসভায় নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেচ, পরিবহণের মতো গুরুত্বপূর্ণ দফতেরর মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলান শুভেন্দু৷
কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের সময় থেকেই শুভেন্দুর সঙ্গে তৃণমূল নেতৃত্বের দূরত্ব শুরু হয়৷ শোনা যায়, এই সংঘাতের মূল কারণ ছিল তৃণমূলের সংগঠনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান৷ শেষ পর্যন্ত ২০২০ সালের ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল ছেডে় বিজেপি-তে যোগ দেন শুভেন্দু অধিকারী৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনেই শুভেন্দুকে সামনে রেখে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি৷ যদিও সেই স্বপ্ন মুখ থুবড়ে পড়ে৷ শুভেন্দু অবশ্য নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পান৷
গত পাঁচ বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও বিধানসভার ভিতরে বাইরে লড়ে গিয়েছেন শুভেন্দু৷ মাঝে লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি-র ফল প্রত্যাশাপূরণ করতে পারেনি৷ তার পরেও হাল ছাড়েননি শুভেন্দু৷ বরং নতুন উদ্যমে বিধানসভা ভোটের আগে ঝাঁপিয়ে পড়েছেন তিনি৷ এমন কি, দল তাঁকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে প্রার্থী করার পরেও জোর গলায় মমতাকে ফের হারানোর দাবি করে এসেছেন শুভেন্দু অধিকারী৷ শেষ পর্যন্ত নিজের কথা রেখেছেন তিনি৷ এর পরে শুভেন্দুই যে রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার উত্তরসূরি হবেন, সেই ঘোষণা হওয়া ছিল সময়ের অপেক্ষা৷
Kolkata,West Bengal
