সমবায় ক্ষেত্রেও নিজের প্রভাব বাড়ান শুভেন্দু। কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্ক, বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং কৃষিভিত্তিক গ্রামীণ ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।ধীরে ধীরে তাঁর প্রভাব পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এমনকি মালদা ও মুর্শিদাবাদ পর্যন্ত ছড়িয়ে পড়ে।২০০৯ সালে তমলুক লোকসভা কেন্দ্রে সিপিএম নেতা লক্ষ্মণ শেঠকে হারিয়ে সাংসদ হন শুভেন্দু এবং ২০১৪ সালেও সেই আসন ধরে রাখেন।২০১৬ সালে টিএমসি ফের ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মন্ত্রিসভায় নেন। পরিবহণমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি পরে সেচ দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পান। হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যান এবং দীর্ঘদিন হলদিয়া উন্নয়ন পর্ষদের প্রধান হিসেবেও কাজ করেন।
