কলকাতা : পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়ছে বিজেপি। তার প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। প্রায় ৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেল রাজ্য। আজ ৯ মে শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ঠিক তাঁর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ। এবছরের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর থেকে জয়ী হয়েছেন তিনি। কোন দফতর তিনি পেতে চলেছেন তা এখনও ঘোষণা করা হয়নি।
এদিন শপথ গ্রহণের আগে দিলীপ ঘোষ বলেছেন, ‘এর জন্য আমাদের ৭৫ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। শ্যামাপ্রসাদের বলিদানকে, স্বপ্নকে সফল করার জন্য আমরা চেষ্টা করেছি। একের পর এক আমাদের রাজ্য সভাপতি নেতৃত্ব দিয়ে কাজ করেছেন। বহু কর্মী, ৩২১ জন কর্মীকে বলিদান দিতে হয়েছে। তারপরে মানুষের আশীর্বাদে বিজেপি আজ ক্ষমতায় এসেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করছি। যাঁরা বলিদান দিয়েছেন, তাঁদের স্মরণ করছি। ‘বহু মানুষ তৃণমূল না হওয়ার জন্য বিনা কারণে কষ্ট পেয়েছেন। তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং বিজেপির উপর, আমাদের পার্টির উপর ভরসা রাখতে বলছি। মানুষের ইচ্ছাই আমাদের ইচ্ছা। সেটা প্রতিফলিত করার দায়িত্ব আমাদের। খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে, সমাধান হবে। আপনারাও পরিবর্তন দেখতে পাবেন।’
মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণ থেকে ভোটে জয়ী হয়েছেন তিনি
পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হল ইতিহাস। রাজ্যের প্রথম বিজেপি সরকার। শনিবার ব্রিগেডে একে একে শপথ নিলেন মন্ত্রীরা। আর এই সব যদি ইতিহাসের এক একটা পাতা হয়, তাহলে অবশ্যই সেই ইতিহাসের একটা অধ্যায় হয়ে থেকে যাবেন একজনই, শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে এদিন ব্রিগেডে শপথ নিলেন তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেও, রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। তবে ৭৭ আসনে জিতে বিরোধী দলের জায়গা করে নেয় বিজেপি। আর বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী।
অনেক বিধায়কই তৃণমূলের ছত্রছায়ায় চলে যান। ৭৭ থেকে আরও কমতে থাকে বিজেপির বিধায়ক সংখ্যা। কিন্তু বাকিদের নিয়েই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান শুভেন্দু অধিকারী। তার স্বীকৃতি হিসেবে এবারের বিধানসভায় তাঁকে নন্দীগ্রামের পাশাপাশি, ভবানীপুরেও প্রার্থী করে বিজেপি। প্রতিদ্বন্দ্বী সেই মমতা বন্দ্যোপাধ্যায়। দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন তিনি। শুক্রবারই অমিত শাহর উপস্থিতিতে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুকে বেছে নেন জয়ী বিজেপি বিধায়করা। আজ ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।